পটুয়াখালীর বাউফল শহরের প্রাণকেন্দ্র পাবলিক মাঠে মেলা বন্ধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
আজ বুধবার (২২ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে পাবলিক মাঠের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তৃতা করেন ইমরান হুসাইন, মামুন খান, রিফাদ তালুকদার প্রমুখ। বক্তারা শহরের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত পাবলিক মাঠে মেলা আয়োজন বন্ধের জোর দাবি জানান।
বক্তারা বলেন, সামনে পঞ্চম ও অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা, এছাড়া অন্যান্য শ্রেণির বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই মেলার কারণে শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটবে। পাশাপাশি মেলার শব্দদূষণ, মলমূত্র ত্যাগ ও বর্জ্য ফেলার কারণে পরিবেশ দূষণের আশঙ্কা রয়েছে। তাছাড়া মেলার আশপাশে হাসপাতাল, মসজিদ, মাদ্রাসা ও শিশুদের বিদ্যালয় থাকায় এটি এলাকাবাসীর জন্য গুরুতর অসুবিধার কারণ হয়ে দাঁড়াবে বলে তারা অভিযোগ করেন।
বক্তারা আরও হুঁশিয়ারি দেন, প্রশাসন দ্রুত মেলা বন্ধের উদ্যোগ না নিলে তারা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।
এ সময় কয়েকজন বক্তা অভিযোগ করেন, মানববন্ধন চলাকালে মেলার কিছু আয়োজক তাদের হুমকি দেন এবং কর্মসূচি বানচালের চেষ্টা করেন।






