, ,

বাঁশখালীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন

নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামের বাঁশখালীতে উৎসবমুখর পরিবেশে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত হয়েছে। “ক্রীড়াই হোক পেশা, পরিবার পাবে ভরসা—গড়বো ক্রীড়ায় সেতুবন্ধন, করবো সব বাধা দূরীকরণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।
সোমবার (৬ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে দিনটির কর্মসূচি শুরু হয়। পরে অফিসার্স ক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামশেদুল আলম।
আলোচনা সভায় বিভিন্ন সরকারি কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। বক্তারা তাদের বক্তব্যে বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং এটি একটি সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও ইতিবাচক সমাজ গঠনের অন্যতম প্রধান হাতিয়ার। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকাসক্তি, অপরাধ ও বিপথগামিতা থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই।
বক্তারা আরও বলেন, বর্তমান প্রজন্মকে প্রযুক্তিনির্ভর জীবনধারা থেকে বের করে মাঠমুখী করতে হলে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। ক্রীড়াকে পেশা হিসেবে গড়ে তুলতে হলে অবকাঠামোগত উন্নয়ন, প্রশিক্ষণ সুবিধা বৃদ্ধি এবং প্রতিভা বিকাশে দীর্ঘমেয়াদি পরিকল্পনার ওপর গুরুত্বারোপ করা হয়।
আলোচনা শেষে অফিসার্স ক্লাবের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, ক্রীড়াবিদ, স্বেচ্ছাসেবক এবং সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন, যা পুরো এলাকাকে প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওমর সানি আকন, উপজেলা কৃষি কর্মকর্তা শ্যামল চন্দ্র সরকার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মু, আবদুল হামিদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুপন নন্দী, উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ ওবাইদুল হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। এছাড়াও স্থানীয় ক্রীড়া সংগঠক, সাংবাদিক এবং ক্রীড়া অনুরাগীরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
দিনব্যাপী এ আয়োজনের মাধ্যমে ক্রীড়ার প্রতি সচেতনতা বৃদ্ধি এবং নতুন প্রজন্মকে খেলাধুলায় আগ্রহী করে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।