, ,

ফুলছড়িতে মরিচের বাম্পার ফলনের আশা, লাভের স্বপ্নে ব্যস্ত কৃষকরা

নিউজটি শেয়ার করুন

‎রংপুর বিভাগের গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলা এখন মরিচ চাষের জন্য একটি সম্ভাবনাময় অঞ্চলে পরিণত হয়েছে। চরাঞ্চলের উর্বর মাটি, অনুকূল পরিবেশ এবং কৃষি বিভাগের নিয়মিত পরামর্শে এ বছর ফুলছড়িতে মরিচের বাম্পার ফলনের আশা করা হচ্ছে। এতে করে লাভের স্বপ্নে দিনরাত ব্যস্ত সময় পার করছেন উপজেলার কৃষকরা।
‎চলতি মৌসুমে ফুলছড়ি উপজেলায় প্রায় ৮২০ হেক্টর জমিতে মরিচের আবাদ হয়েছে। প্রতিবছরের মতো এবারও এখানকার শুকনা মরিচের বাজারমূল্য ভালো থাকবে বলে আশা করছেন কৃষক ও সংশ্লিষ্টরা। মরিচ চাষ এখন চরাঞ্চলের অনেক কৃষকের আয়ের প্রধান উৎস হয়ে উঠেছে এবং এর মাধ্যমে ধীরে ধীরে বদলাচ্ছে তাদের জীবনমান।
‎ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গজারিয়া গ্রামে চরাঞ্চলের মরিচ চাষি জরিফ উদ্দিন জানান, তিনি চলতি মৌসুমে ২৬ শতক জমিতে মরিচ চাষাবাদ করেছেন। উপজেলা কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তাদের পরামর্শ অনুযায়ী নিয়মিত জমির পরিচর্যা, সার প্রয়োগ এবং প্রয়োজনীয় ভিটামিন ও ওষুধ ব্যবহার করছেন, যাতে ফুল ঝরে না যায় এবং ফলন ভালো হয়।
‎তিনি বলেন,
‎এ পর্যন্ত আমার খরচ হয়েছে প্রায় ৪০ হাজার টাকা। মরিচ তোলা পর্যন্ত আরও প্রায় ১০ হাজার টাকা খরচ হবে। সব মিলিয়ে মোট খরচ দাঁড়াবে প্রায় ৫০ হাজার টাকা। আশা করছি মরিচ বিক্রি হবে প্রায় ১ লাখ থেকে ১ লাখ ১০ হাজার টাকা। এতে করে আমার নিট লাভ থাকবে প্রায় ৫০ থেকে ৬০ হাজার টাকা।
‎কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, সঠিক পরিচর্যা ও আবহাওয়া অনুকূলে থাকলে প্রতি শতক জমিতে গড়ে ১ থেকে ১ দশমিক ২৫ মন কাঁচা মরিচ উৎপাদন সম্ভব। সে হিসাবে ২৬ শতক জমিতে মোট উৎপাদন হতে পারে প্রায় ১২ থেকে ১৫ মন কাঁচা মরিচ।
‎এ বিষয়ে ফুলছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা (কৃষিবিদ) মিন্টু মিয়া বলেন,
‎প্রতিবছরের মতো এবারও আমরা কৃষকদের নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছি। মাঠ পর্যায়ে সভা ও প্রশিক্ষণের মাধ্যমে আধুনিক চাষাবাদ পদ্ধতি সম্পর্কে কৃষকদের অবহিত করা হচ্ছে। আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা প্রতিদিন মাঠে কাজ করছেন। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর মরিচ চাষে কৃষকরা ভালো লাভবান হবেন।
‎সব মিলিয়ে বলা যায়, ফুলছড়ি উপজেলার চরাঞ্চলে মরিচ চাষ শুধু একটি ফসল নয়, এটি এখন কৃষকদের আর্থিক স্বচ্ছলতার অন্যতম ভরসা। বাম্পার ফলনের প্রত্যাশায় মাঠজুড়ে ব্যস্ততা আর বাজারের দিকে তাকিয়ে আছেন মরিচ চাষিরা।