, ,

ডাল ও তৈলবীজ উৎপাদনে বি এডিসি’র সফলতা: টেকসই পুষ্টি নিরাপত্তা ও জাতীয় অর্থনীতিতে ইতিবাচক অবদান

নিউজটি শেয়ার করুন

কৃষকের হাতে যথাসময়ে গুণগতমানসম্মত বীজ পৌঁছে দেওয়া এবং কৃষিপণ্যের উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে দেশের খাদ্যনিরাপত্তার পাশাপাশি পুষ্টিনিরাপত্তা জোরদারকরণ ও দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) কর্তৃক বাস্তবায়ানাধীন ‘ডাল ও তৈল বীজ উৎপাদনের মাধ্যমে টেকসই পুষ্টি নিরাপত্তা জোরদারকরণ প্রকল্প (২য় পর্যায়)’ শীর্ষক প্রকল্পটি।

বর্তমানে দেশে ডালের বার্ষিক চাহিদা ২৫.০০ লক্ষ মে.টন; উৎপাদন মাত্র ৯.৩৭ লক্ষ মে. টন এবং ভোজ্য তেলের বার্ষিক চাহিদা ২৪.৮২ লক্ষ মে.টন; উৎপাদন মাত্র ১০.৬৪ লক্ষ মে. টন (তথ্যসূত্র: ডিএই)। এজন্য অতিরিক্ত চাহিদা মেটাতে বিদেশ থেকে ডাল ও তেল আমদানি করতে হয়। এতে দেশের বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় করা হয়। দেশে ডাল ও তেলের আমদানি নির্ভরতা কমাতে হলে ডাল ও তৈল ফসলের উৎপাদন বাড়াতে হবে। এজন্য প্রয়োজন উন্নত ও উচ্চ ফলনশীল জাতের গুণগতমানসম্পন্ন ডাল ও তৈলবীজ উৎপাদন। এ পরিপ্রেক্ষিতে বিএডিসি’র ডাল ও তৈলবীজ বিভাগের মাধ্যমে গুণগত মানসম্পন্ন ডাল ও তৈলবীজ উৎপাদন ও সরবরাহ সক্ষমতা বৃদ্ধিকল্পে ‘ডাল ও তৈল বীজ উৎপাদনের মাধ্যমে টেকসই পুষ্টি নিরাপত্তা জোরদারকরণ প্রকল্প (২য় পর্যায়)’ শীর্ষক প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।
২০২৪ সালের ০৮ ডিসেম্বর একনেকে কর্তৃক অনুমোদিত এ প্রকল্পটি ২০২৫ সালের জুলা থেকে ২০২৯ সালের জুন পর্যন্ত বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটির মূল লক্ষ্য গুণগত মানসম্পন্ন ডাল ও তৈলবীজ উৎপাদন, সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ ও কৃষকদের মাঝে বিতরণের মাধ্যমে দেশের বীজের চাহিদা পূরণ, উৎপাদন বৃদ্ধি এবং পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা।
প্রকল্পের আওতায় মোট ১৮ হাজার মেট্রিক টন গুণগত মানসম্পন্ন ডাল ও তৈলবীজ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বর্তমানে তিনটি ডাল ও তৈলবীজ খামার, তিনটি বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র এবং ১২টি চুক্তিবদ্ধ চাষী জোনের মাধ্যমে দেশের ৮টি বিভাগের ৪২টি জেলা, দুটি সিটি কর্পোরেশন এবং ২০০টি উপজেলায় প্রকল্পের কার্যক্রম পরিচালিত হচ্ছে।
সাধারণভাবে কৃষকদের মাধ্যমে উৎপাদিত ১৮,০০০.০০০ মে.টন ডাল ও তৈলবীজ ব্যবহার করে আনুমানিক ৩০,২৯,৮৪৯ একর জমিতে প্রায় ১২,৮২,৮৯৬.৮৩ মে.টন ফসল উৎপাদন হবে, যার আনুমানিক মূল্য ১৪,৮২২.৩৫ কোটি টাকা হবে। গুণগত মানসম্পন্ন ডাল ও তৈলবীজ ব্যবহারে ফসলের ফলন সাধারণত: ১৫-২০% বেশি হয়। প্রকল্পের মেয়াদে উৎপাদিত ১৮,০০০.০০ মে.টন গুণগত মানসম্পন্ন ডাল ও তৈলবীজ দেশে কৃষকদের মাধ্যমে ব্যবহারের ফলে আনুমানিক ৩০,২৯,৮৪৯ একর জমিতে প্রায় ২,৫৬,৪৯৯.৩৬৫ মে.টন ফসল বেশি উৎপাদন হবে বলে আশা করা যায়, যার আনুমানিক বাজারমূল্য ২,৯৬৪.৪৭ কোটি টাকা। সূতরাং বর্ণিত প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হলে দেশে ২,৯৬৪.৪৭ কোটি টাকা অবদান রাখবে বলে আশা করা যায়।

অন্যদিকে, বর্ণিত প্রকল্পের আওতায় ২০০০ জন চুক্তিবদ্ধ চাষিকে ডাল ও তৈলবীজ উৎপাদন কলা-কৌশল বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রকল্পের আওতায় কিছু যন্ত্রপাতি, মেশিনারীজ ও অবকাঠামো নির্মাণ করা হবে, যা ডাল ও তৈলবীজ বিভাগের স্থায়ী সম্পদ হিসাবে গণ্য হবে।

প্রকল্পটির মোট প্রাক্কলিত ব্যয় ২৬৫ কোটি ৭৮ লাখ ৪৬ হাজার টাকা। এর মধ্যে প্রশাসনিক ও রাজস্ব খাতে ব্যয় ২৩৯ কোটি ৮ লাখ ৬৭ হাজার টাকা এবং উন্নয়নমূলক কার্যক্রমে ব্যয় ২৩ কোটি ৯৮ লাখ ৬২ হাজার টাকা। সীমিত উন্নয়ন ব্যয় সত্ত্বেও বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা ও দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে প্রকল্পটি কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সক্ষম হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদী।
উৎপাদনে উল্লেখযোগ্য অগ্রগতি
২০২৫-২০২৬ অর্থবছরে চুক্তিবদ্ধ কৃষকদের মাধ্যমে ৩,৭২৩.১১২ মেট্রিক টন গুণগত মানসম্পন্ন ডাল ও তৈলবীজ উৎপাদিত হয়েছে। এর মধ্যে ডাল জাতীয় বীজ ১,৯১৫.৯৩১ মেট্রিক টন এবং তৈলবীজ ১,৮০৯.১৮১ মেট্রিক টন। এই উৎপাদিত বীজ ২০২৬-২০২৭ অর্থবছরে দেশের বিভিন্ন অঞ্চলের কৃষকদের মাঝে বিতরণ/সরবরাহ করা হচ্ছে। এসব উন্নতমানের বীজ ব্যবহারের ফলে আনুমানিক ৬,০৬,৩৬০.০০০ একর জমিতে প্রায় ৫১,৪৫৫.০০৬ মে.টন ফসল বেশি উৎপাদন হবে বলে আশা করা যায়, যার আনুমানিক বাজারমূল্য ৫৯৭.৫৭ কোটি টাকা। সুতরাং ২০২৬-২৭ অর্থবছরে দেশের জাতীয় অর্থনীতিতে অতিরিক্ত প্রায় ৬০০ কোটি টাকা সরাসরি যুক্ত হবে এবং প্রায় আট গুণ টার্নওভার সৃষ্টি করবে।
২০২৫-২০২৬ অর্থবছরে প্রকল্পের আওতায় মোট ৬৮ কোটি ৯৪ লাখ টাকা ব্যয় করা হয়েছে।
প্রকল্পটির নেতৃত্ব দিচ্ছেন প্রকল্প পরিচালক ড. মো: শফিকুল ইসলাম। তিনি ২০২৪ সালের ১৩ আগস্ট বিএডিসির ডাল ও তৈলবীজ বিভাগে যোগদান করেন। যোগদানের পরপরই তিনি প্রকল্পের উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়ন, পিইসি সভায় অনুমোদন এবং পরবর্তীতে একনেকে অনুমোদনের পুরো প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করেন। তিনি দায়িত্ব গ্রহণের পর প্রকল্পের পরিকল্পনা প্রণয়ন থেকে শুরু করে পিইসি ও একনেকে অনুমোদন, মাঠপর্যায়ে কার্যক্রম সমন্বয়, চুক্তিবদ্ধ কৃষকদের সম্পৃক্তকরণ, বীজ উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বিতরণ ব্যবস্থাকে একটি সমন্বিত কাঠামোর আওতায় নিয়ে আসেন। তাঁর নিয়মিত মাঠ পরিদর্শন, সমস্যা দ্রুত শনাক্ত ও সমাধানের উদ্যোগ, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সময়মতো কার্যক্রম বাস্তবায়নের ফলে প্রকল্পটি নির্ধারিত লক্ষ্য অর্জনের পথে দৃশ্যমান অগ্রগতি অর্জন করেছে। সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও মাঠপর্যায়ের কৃষকদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার মাধ্যমে তিনি প্রকল্প বাস্তবায়নে একটি কার্যকর ও ফলপ্রসূ প্রশাসনিক দৃষ্টান্ত স্থাপন করেছেন। বর্তমানে তাঁর নেতৃত্বে প্রকল্পের কার্যক্রম সুসংগঠিতভাবে পরিচালিত হচ্ছে। সময়মতো বাস্তবায়ন নিশ্চিত করতে তিনি নিয়মিত মাঠপর্যায়ে তদারকি করছেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, সততা, স্বচ্ছতা ও পেশাগত দক্ষতার সমন্বয়ে তিনি প্রকল্প বাস্তবায়নে ইতোমধ্যে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছেন।
মাঠ পর্যায়ে ইতিবাচক সাড়া
নিজস্ব অনুসন্ধানে জানা গেছে, চলতি রবি মৌসুমে দেশে কৃষকদের মধ্যে ডাল ও তৈলবীজ উৎপাদনে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। কৃষকদের মাঝে এ প্রকল্প কর্তৃক উৎপাদিত সরিষা, সয়াবিন, চিনাবাদাম, তিল ও সূর্যমুখীসহ বিভিন্ন তৈলবীজ এবং মসুর, মুগ, খেসারি, ছোলা, মাসকলাই, মটর ও ফেলন জাতীয় ডালবীজ বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। কৃষকদের ভাষ্য, বিএডিসি কর্তৃক সরবরাহকৃত গুণগত মানসম্পন্ন ডাল ও তৈলবীজ ব্যবহারের ফলে উৎপাদন বাড়ছে, উৎপাদন খরচ তুলনামূলক কমছে এবং বাজারে ভালো দাম পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।
প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ
প্রকল্পের আওতায় ২,০০০ জন চুক্তিবদ্ধ চাষীকে ডাল ও তৈলবীজের উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে। পাশাপাশি চুক্তিবদ্ধ এলাকায় কৃষক-কৃষাণী ও কৃষি শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, মাথাপিছু আয় বৃদ্ধি এবং আর্থসামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ প্রকল্প।
কেন এ প্রকল্প গুরুত্বপূর্ণ
বর্তমানে দেশে ডালের বার্ষিক চাহিদা ২৫ লাখ মেট্রিক টন, বিপরীতে উৎপাদন মাত্র ৯.৩৭ লাখ মেট্রিক টন। একইভাবে ভোজ্যতেলের বার্ষিক চাহিদা ২৪.৮২ লাখ মেট্রিক টন, অথচ উৎপাদন মাত্র ১০.৬৪ লাখ মেট্রিক টন। ফলে প্রতিবছর বিপুল পরিমাণ ডাল ও ভোজ্যতেল আমদানি করতে হয়,দ যার জন্য ব্যয় হয় উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রা। এই আমদানি নির্ভরতা কমাতে উন্নত ও উচ্চফলনশীল গুণগত মানসম্পন্ন বীজ উৎপাদন ও সরবরাহ বাড়ানোর বিকল্প নেই। এ লক্ষ্যেই প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।
ডাল ও তৈলবীজ উৎপাদন বৃদ্ধি শুধু খাদ্য ও পুষ্টি নিরাপত্তাই নিশ্চিত করবে না, একই সঙ্গে বৈদেশিক মুদ্রা সাশ্রয়, কৃষকের মাথাপিছু আয় বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করবে। বাস্তবভিত্তিক পরিকল্পনা, দক্ষ ব্যবস্থাপনা এবং মাঠপর্যায়ে কার্যকর বাস্তবায়নের মাধ্যমে বিএডিসির “ডাল ও তৈলবীজ উৎপাদনের মাধ্যমে টেকসই পুষ্টি নিরাপত্তা জোরদারকরণ প্রকল্প (দ্বিতীয় পর্যায়)” দেশের কৃষি ও পুষ্টি নিরাপত্তা অর্জনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠতে পারে।