, ,

পারিবারিক কলহের জেরে দুই সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মায়ের আত্মহত্যা

নিউজটি শেয়ার করুন

গাজীপুরের পূবাইল এলাকায় দুই সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন এক নারী। নিহত নারীর নাম হাফেজা খাতুন মালা (৩০)। এ ঘটনায় তার দুই সন্তান—প্রথম শ্রেণির শিক্ষার্থী তাবাসসুম (৮) ও ছেলে মারুফ (৫)—ও মর্মান্তিকভাবে নিহত হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) সকাল আনুমানিক ১১টার দিকে গাজীপুর মহানগরীর ৪১ নম্বর ওয়ার্ডের পূবাইল নয়ানীপাড়া এলাকার রেল ক্রসিং সংলগ্ন আউটার সিগন্যাল এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত হাফেজা খাতুন মালা গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের দক্ষিণ সোম গ্রামের মোজাম্মেল হকের মেয়ে। তিনি জয়দেবপুর থানার আতুরী গ্রামের মোঃ সালাহ উদ্দিনের ছেলে উজ্জ্বল মিয়ার স্ত্রী।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে শ্বশুরবাড়িতে দেবরের সঙ্গে পারিবারিক কলহে জড়ান হাফেজা খাতুন। পরে মেয়ে তাবাসসুমকে স্কুলে নিয়ে যাওয়ার কথা বলে তিনি দুই সন্তানসহ বাড়ি থেকে বের হন। এরপর পূবাইল বাজার রেলগেট এলাকা থেকে পূর্ব পাশের আউটার সিগন্যাল এলাকায় গিয়ে ব্রাহ্মণবাড়িয়াগামী তিতাস কমিউটার ট্রেনের নিচে ঝাঁপ দেন তিনি। এতে ঘটনাস্থলেই মা ও তার দুই সন্তানের দেহ খণ্ডবিখণ্ড হয়ে মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনটি মরদেহ উদ্ধার করে। ঢাকা রেলওয়ে পুলিশ ও পূবাইল রেল স্টেশন মাস্টার মুসা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ বিষয়ে পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, “এক নারী তার দুই সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে।”