, ,

এডিএম স্টার অ্যাওয়ার্ড পেলেন মনিরুজ্জামান অপূর্ব

নিউজটি শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : এডিএম স্টার অ্যাওয়ার্ড ২০২৫-এর দশম আসরে শ্রেষ্ঠ সংগঠক হিসেবে সম্মাননা পেয়েছেন উদ্যোক্তা, ব্র্যান্ড প্রমোটর ও সংস্কৃতিকর্মীদের নিয়ে কাজ করা সংগঠন দিয়ামনি ই-কমিউনিকেশনের চেয়ারম্যান মনিরুজ্জামান অপূর্ব। দেশের মিডিয়া অঙ্গনের পরিচিত মুখ হিসেবে তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সৃজনশীল ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন।

সম্প্রতি রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় ‘এডিএম স্টার অ্যাওয়ার্ড ২০২৫’। এ ডি মাল্টিমিডিয়া আয়োজিত এ অনুষ্ঠানে শিল্প, সংস্কৃতি, বিনোদনসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ গুণী ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে সম্মাননা পর্বের পাশাপাশি ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন।

শ্রেষ্ঠ সংগঠক হিসেবে মনিরুজ্জামান অপূর্বর এ অর্জন তাঁর দীর্ঘদিনের সাংগঠনিক কার্যক্রম ও সংস্কৃতিসংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে কাজের স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে। তাঁর এ সম্মাননা অর্জনে উপস্থিত অতিথি ও শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দ ও আগ্রহের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এস এম মজিবুর রহমান। উদ্বোধন করেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ড. শেখ মহ. রেজাউল ইসলাম। প্রধান আলোচক ছিলেন ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি এ আর এম আলিফ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগীত পরিচালক শওকত আলী ইমন, সংগীতশিল্পী আলম আরা মিনু, অভিনেতা ও মডেল মুকিত জাকারিয়া, ঢাকা জজকোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. হাবিবুল হক এবং মিতালী গার্মেন্টস ও নিখুঁত ইয়ার্ন ট্রেডিংয়ের স্বত্বাধিকারী মিতু আক্তারসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ ডি মাল্টিমিডিয়ার কর্ণধার স্বপন আহমেদ।

আয়োজকদের উদ্যোগে এডিএম স্টার অ্যাওয়ার্ডের দশম আসরে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের কাজের স্বীকৃতি দেওয়া হয়। সংশ্লিষ্টদের মতে, এ ধরনের আয়োজন শিল্প, সংস্কৃতি ও বিনোদন অঙ্গনের গুণীজনদের অবদান তুলে ধরার পাশাপাশি নতুন প্রজন্মকে সৃজনশীল কর্মকাণ্ডে উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।