, ,

নাগেশ্বরী অনলাইন প্রেসক্লাবের পূর্ণাঙ্গ গঠনতন্ত্র প্রকাশ

নিউজটি শেয়ার করুন

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সাংবাদিকদের ঐক্যবদ্ধতা, পেশাগত মান উন্নয়ন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা বিকাশের লক্ষ্য নিয়ে ‘নাগেশ্বরী অনলাইন প্রেসক্লাব’-এর পূর্ণাঙ্গ গঠনতন্ত্র আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে।

সংগঠনের গঠনতন্ত্র প্রণয়ন কমিটির সদস্য মো. জেলাল আহম্মদ রানা, মো. সাদিকুল ইসলাম এবং মো. মিরাজুল ইসলামের দীর্ঘ পর্যালোচনা শেষে এটি চূড়ান্ত ও প্রকাশ করা হয়।
​প্রকাশিত গঠনতন্ত্র সূত্রে জানা যায়, ২০২৫ সালে মো. সাদিকুল ইসলামকে সভাপতি এবং মো. জেলাল আহম্মদ রানা-কে সাধারণ সম্পাদক করে ক্লাবের প্রথম কমিটি গঠিত হয় এবং যাত্রা শুরু করে। পরবর্তীতে ২০২৬ সালে প্রবীণ ও তরুণ সংবাদকর্মীদের সমন্বয়ে ক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়। অল্প সময়ের মধ্যেই ক্লাবটি স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের সুদৃঢ় মতামত প্রকাশের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা, সম্ভাবনা ও সমাধান নিয়ে সুধীজন ও প্রশাসনিক কর্মকর্তাদের অংশগ্রহণে নিয়মিত গোলটেবিল বৈঠক প্রথা চালু করে ক্লাবটি প্রশংসিত ভূমিকা রাখছে।
​গঠনতন্ত্রের ধারা অনুযায়ী, উপজেলা সদরে মূল কার্যালয় রেখে পরিচালনা করা হবে এই প্রেসক্লাব। সাংবাদিকদের পেশাগত মর্যাদা প্রতিষ্ঠা, বস্তুনিষ্ঠ সাংবাদিকতাচর্চা, কল্যাণমূলক কর্মসূচি ও পারস্পরিক সহযোগিতাই হবে এর প্রধান উদ্দেশ্য।
​সংগঠনে চার ধরনের সদস্যপদ রাখা হয়েছে—সাধারণ সদস্য, সহযোগী সদস্য, বিশেষ/সম্মানিত/দাতা সদস্য এবং আজীবন সদস্য। যেকোনো জাতীয়, আঞ্চলিক ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত পেশাদার প্রতিনিধিরা যাচাই-বাছাই কমিটির অনুমতিক্রমে সাধারণ সদস্য হতে পারবেন এবং সাধারণ সদস্যরাই হবেন ক্লাবের প্রধান ক্ষমতার উৎস।
​ক্লাব পরিচালনার দায়িত্বে থাকবে ১১ সদস্যবিশিষ্ট একটি নির্বাহী কমিটি। যার মধ্যে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক, অর্থ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, দপ্তর সম্পাদক ও চারজন নির্বাহী সদস্য থাকবেন। গঠনতন্ত্রে সম্পূর্ণ প্যানেলবিহীন প্রত্যক্ষ ভোটে ৩ সদস্যের নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রাখা হয়েছে।
​নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এই গঠনতন্ত্র অনুসরণের মাধ্যমে নাগেশ্বরী অনলাইন প্রেসক্লাব সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত মানোন্নয়ন এবং এলাকার সার্বিক উন্নয়নে একটি আদর্শ সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে ভূমিকা রাখবে।