, ,

ধামরাইয়ে জাতীয় যুব দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

নিউজটি শেয়ার করুন

‘সবুজ ধামরাই, সুন্দর ভবিষ্যৎ’ এবং ‘বৃক্ষরোপণ করুন, পরিবেশ বাঁচান’—এই স্লোগানকে সামনে রেখে ঢাকা জেলার ধামরাইয়ে উৎসবমুখর পরিবেশে ‘জাতীয় যুব দিবস ২০২৬’ উদযাপিত হয়েছে।

দিবসটি উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচিতে হাজীপুর এলাকায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
সোমবার (০২ নভেম্বর ২০২৬) ধামরাই উপজেলার হাজীপুর এলাকায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানটিতে সার্বিক সহযোগিতা প্রদান করে স্বেচ্ছাসেবী সংগঠন ‘অদম্য ফাউন্ডেশন’ এবং সৌজন্যে ছিল ‘স্নোটেক্স অ্যাপারেলস লিমিটেড’।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ সূচনা করেন ঢাকা-২০ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মো. তমিজ উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  মো. আল মামুন এবং ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল হক।
উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি ঢাকা-২০ আসনের সংসদ সদস্য  মো. তমিজ উদ্দিন বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। যুবসমাজই আমাদের দেশের মূল প্রাণশক্তি। জাতীয় যুব দিবসে এমন পরিবেশবান্ধব সামাজিক উদ্যোগ সবুজ ও সমৃদ্ধ ধামরাই গড়তে আমাদের আরও একধাপ এগিয়ে নেবে।”
অনুষ্ঠানে ব্যানার ও ফেস্টুনে সুসজ্জিত হাজীপুর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে একযোগে চারা রোপণ করা হয়।
এ সময় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং ‘অদম্য ফাউন্ডেশন’-এর একঝাঁক উদ্যমী তরুণ স্বেচ্ছাসেবী উপস্থিত ছিলেন।