, ,

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে মন্দিরে বিশেষ প্রার্থনার নির্দেশ

নিউজটি শেয়ার করুন

অপূর্ব কুমার নাথ: ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে দেশের শান্তি ও অগ্রগতি কামনায় রাজধানীর প্রধান প্রধান মন্দিরে বিশেষ প্রার্থনা সভা আয়োজনের অনুরোধ জানিয়েছে সরকার।

এ উপলক্ষে মঙ্গলবার (৩ নভেম্বর) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীন হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে রাজধানীর প্রধান প্রধান মন্দিরের সভাপতি, অধ্যক্ষ ও সাধারণ সম্পাদক বরাবর চিঠি পাঠানো হয়েছে।

ট্রাস্টের সচিব দেবনাথ উরাঁওয়ের পক্ষে উপপরিচালক প্রশান্ত কুমার বিশ্বাস স্বাক্ষরিত চিঠিতে আগামী ৭ নভেম্বর শনিবার সুবিধাজনক সময়ে বিশেষ প্রার্থনা সভা আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়।

চিঠিতে বলা হয়, ‘৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষে সরকার গৃহীত কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে জাতির শান্তি ও অগ্রগতি কামনায় এ বিশেষ প্রার্থনা সভার আয়োজন করতে হবে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্দির কর্তৃপক্ষকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট।

গত ২ নভেম্বর ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো এক চিঠির পরিপ্রেক্ষিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে বিষয়টি অবগতির জন্য হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের সংশ্লিষ্ট কর্মকর্তা ও ট্রাস্টিদের কাছেও চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।