, ,

ডুমুরিয়ায় পৈতৃক মৎস্য ঘেরের উপর দিয়ে রাস্তা নির্মাণ নিয়ে সংঘর্ষ: ইটের আঘাতে যুবক গুরুতর জখম, থানায় অভিযোগ

নিউজটি শেয়ার করুন

খুলনার ডুমুরিয়ায় পৈতৃক মৎস্য ঘেরের জমির উপর দিয়ে রাস্তা নির্মজণ করে জবরদখল ও বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ওসমান গনি (২৩) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।

তাকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী যুবকের মা ফতেমা বেগম বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে ডুমুরিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ডুমুরিয়া থানাধীন নরনিয়া মৌজায় একটি মৎস্য ঘেরের পৈতৃক সম্পত্তি নিয়ে বাদুড়িয়া গ্রামের ইয়াসিন সরদারের স্ত্রী ফতেমা বেগমের সাথে একই এলাকার প্রতিবেশী হজরত সরদার ও জলিল সরদারদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ভুক্তভোগী পরিবারের দাবি, প্রতিপক্ষরা জোরপূর্বক ওই সম্পত্তি ভোগদখল করে আছে এবং জমি ছেড়ে দিতে বললে বিভিন্ন সময় খুন-জখমের হুমকি দিয়ে আসছিল।

এরই ধারাবাহিকতায় গত সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ১০টার দিকে ফতেমা বেগম প্রতিপক্ষকে তাদের প্রাপ্য সম্পত্তি মেপে বুঝিয়ে দেওয়ার অনুরোধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে বিবাদীরা অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে এবং জোরপূর্বক ওই জমির ওপর ইট দিয়ে রাস্তা নির্মাণ করতে যায়। এ সময় ফতেমা বেগমের ছেলে ওসমান গনি তাদের বাধা দিলে প্রতিপক্ষ সানারা বেগম তার হাতে থাকা আধলা ইট দিয়ে ওসমানের মাথার বাম পাশে সজোরে আঘাত করেন। এতে ওসমানের মাথা ফেটে মারাত্মক রক্তাক্ত জখম হন। ছেলের চিৎকারে মা ফতেমা বেগম এগিয়ে এলে তাকেও এলোপাতাড়ি মারপিট করা হয়। পরে স্থানীয় লোকজন ছুটে আসলে হামলাকারীরা ভুক্তভোগীদের জীবননাশের হুমকি দিয়ে চলে যায়। প্রতিবেশীদের সহায়তায় আহত যুবককে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, “বাদুড়িয়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধ ও মারামারির ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করার জন্য ইতিমধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”