গাইবান্ধা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ২ হাজার ২০০ কেজি (প্রায় ৫৫ মণ) অবৈধ মিশরীয় জিরা জব্দ করা হয়েছে। এ সময় চালানটির সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে পণ্য পরিবহনে ব্যবহৃত একটি ট্রলিও জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা জেলা শহরের ডিসি অফিসের সামনে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। অভিযানে একটি ট্রলিতে থাকা ৮৮ বস্তা অবৈধ মিশরীয় জিরা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন বগুড়ার সারিয়াকান্দি উপজেলার নাজমুল হকের ছেলে আতিকুর রহমান এবং গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বেলাডাঙ্গা এলাকার রুহুল আমিনের ছেলে শাহজালাল।
ডিবি সূত্রে জানা গেছে, এ চালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বগুড়ার শাহীন নামের এক ব্যক্তিকে খোঁজা হচ্ছে। অভিযানের সময় তিনি পালিয়ে যান বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
ডিবি পুলিশ জানিয়েছে, জব্দ করা জিরা ও ট্রলিটি তাদের হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি বিষয়টি অধিকতর তদন্ত করা হচ্ছে।







