, ,

কক্সবাজারে শুরু হলো তিন মাসব্যাপী পর্যটন কার্নিভাল, উৎসবের আমেজে মুখর সৈকত

নিউজটি শেয়ার করুন

বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারে শুরু হয়েছে বর্ণাঢ্য ‘কক্সবাজার পর্যটন কার্নিভাল ২০২৬’। সমুদ্রের নীল জলরাশি আর ঝাউবনের মনোরম পরিবেশে এবার পর্যটকদের জন্য যুক্ত হয়েছে বিনোদন, সংস্কৃতি, খাবার ও নানা রোমাঞ্চকর অভিজ্ঞতার সমন্বয়।
বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত তিন মাসব্যাপী এই কার্নিভাল চলবে ২০২৭ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত।
কার্নিভাল প্রাঙ্গণে থাকছে ফুড জোন, মার্কেটপ্লেস, কিডস জোন, সাংস্কৃতিক অনুষ্ঠান, বালুর ভাস্কর্য প্রদর্শনী, গো-কার্টিং, কায়াকিং, বিচ স্পোর্টস ও ক্যাম্পিংসহ নানা আয়োজন।
প্রায় ৩৫ একর এলাকাজুড়ে সাজানো এই আয়োজন দিন-রাত ২৪ ঘণ্টা পর্যটকদের জন্য উন্মুক্ত রাখার পরিকল্পনা রয়েছে।
আয়োজকদের প্রত্যাশা, এই কার্নিভালের মাধ্যমে কক্সবাজারের পর্যটন শিল্পে নতুন মাত্রা যুক্ত হবে। পাশাপাশি পর্যটকদের অবস্থানের সময় বাড়ার সঙ্গে সঙ্গে স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থানেও ইতিবাচক প্রভাব পড়বে।
চুক্তি অনুযায়ী, কক্সবাজার পর্যটন কার্নিভাল থেকে অর্জিত মোট আয়ের ৮০ শতাংশ পাবে আয়োজক প্রতিষ্ঠান স্পেলবাউন্ড এবং বাকি ২০ শতাংশ পাবে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন।

সমুদ্রের সৌন্দর্যের পাশাপাশি বিনোদন ও বৈচিত্র্যময় অভিজ্ঞতার নতুন আয়োজন—সব মিলিয়ে কক্সবাজার পর্যটনে যুক্ত হলো নতুন এক সম্ভাবনার নাম, পর্যটন কার্নিভাল।