, ,

বর্ণাঢ্য আয়োজনে ২৬ নভেম্বর শুরু হচ্ছে ‘৬ষ্ঠ গুলশান ক্লাব অলিম্পিয়াড ২০২৬’

নিউজটি শেয়ার করুন

 

ঢাকা, ২২ নভেম্বর ২০২৬: পষ্ণম গুলশান ক্লাব অলিম্পিয়াডের ধারাবাহিকতা অব্যাহত রেখে এ বছর ষষ্ঠবারের মতো ‘গুলশান ক্লাব অলিম্পিয়াড ২০২৬’ আয়োজন করতে যাচ্ছে গুলশান ক্লাব লিমিটেড। ক্রীড়া ও সৌহার্দ্যের এই মিলনমেলা আগামী ২৬ নভেম্বর শুরু হয়ে চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত।

এ উপলক্ষে রবিবার (২২ নভেম্বর) দুপুর ১২টায় ক্লাবের ক্রিস্টাল প্যালেসে এক জাঁকজমকপূর্ণ ‘মিট দ্য প্রেস’ বা সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

আয়োজনের পরিধি ও নতুন ইভেন্ট:

২০১৯ সালে ৯টি ক্লাব, ৩৩৭ জন অংশগ্রহণকারী ও ৯টি ইভেন্ট নিয়ে যাত্রা শুরু করা এই আয়োজন ২০২৫ সালে ২২টি ক্লাব, ১,২২২ জন অংশগ্রহণকারী এবং ১৭টি ইভেন্টে উন্নীত হয়। এরই ধারাবাহিকতায় এবারের ৬ষ্ঠ আসরে সারা বাংলাদেশ থেকে ২৫টি ক্লাবের ১,২৫০ জন প্রতিযোগী অংশ নিচ্ছেন।

এবারের আসরে মোট ১৯টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ইভেন্টগুলো হলো— আর্ম রেসলিং, অকশন ব্রিজ, ব্যাডমিন্টন, বাস্কেটবল (মহিলা), বিলিয়ার্ডস, ক্রিকেট (টি-টেন), দাবা, ফুটবল (৭-এ-সাইড), গলফ, মিনি ম্যারাথন, প্যাডেল, পুল, পাওয়ার লিফটিং, কুইজ, স্নুকার, স্কোয়াশ, সাঁতার (পুরুষ), টেনিস এবং টেবিল টেনিস। গত আসরে যুক্ত হওয়া প্যাডেল ও ওয়েটলিফটিংয়ের পর এবার নতুন ইভেন্ট হিসেবে যুক্ত হয়েছে মিনি ম্যারাথন ও অকশন ব্রিজ।

ভেন্যু ও বিশেষ আকর্ষণ:

আয়োজক কমিটির চেয়ারম্যান জনাব তারেক রহমান এবারের আয়োজনের অন্যতম আকর্ষণ হিসেবে নতুন ভেন্যুর ঘোষণা দেন। তিনি জানান, ক্রিকেট, ফুটবল, প্যাডেল, বাস্কেটবল ও মিনি ম্যারাথন অনুষ্ঠিত হবে বসুন্ধরা এবিজি স্পোর্টস সিটিতে এবং গলফ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে কুর্মিটোলা গলফ ক্লাবে। তিনি আশা প্রকাশ করেন, বিশ্বমানের এই সুযোগ-সুবিধা অংশগ্রহণকারীদের জন্য স্মরণীয় এক ক্রীড়া অভিজ্ঞতা এনে দেবে।

আয়োজকদের বক্তব্য:

সংবাদ সম্মেলনে গুলশান ক্লাব ও আয়োজক কমিটির সভাপতি জনাব এম. এ. কাদের (অনু) বলেন, “এই ঐতিহ্যকে এগিয়ে নিতে পেরে আমরা গর্বিত। সামাজিক ক্লাবগুলোকে এক সুতোয় গাঁথাই এই ক্রীড়া আয়োজনের মূল লক্ষ্য। আমাদের বিশেষ মনোযোগ থাকছে তরুণ প্রজন্মের দিকে, যেন তারা খেলাধুলায় অনুপ্রাণিত হয় এবং সক্রিয় থাকে। আমার দৃঢ় বিশ্বাস, এটি হবে আমাদের এ পর্যন্ত সবচেয়ে বড় আসর।”

আয়োজক কমিটির চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেন, “আমরা চাই এ বছরের অলিম্পিয়াড হোক আরও উৎসবমুখর, আরও জমকালো এবং আরও বড় পরিসরের। এবার মিনি ম্যারাথন ও অকশন ব্রিজ যুক্ত হওয়ায় আমাদের আরও অনেক সদস্য অংশ নেওয়ার সুযোগ পাবেন।”

উপস্থিত ব্যক্তিবর্গ ও স্পনসর:

সংবাদ সম্মেলনে বিভিন্ন ক্লাবের প্রতিনিধি, বিশিষ্ট অতিথি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। আয়োজক কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান তানভীর ইসলাম, সাদ রহিম চৌধুরী ও আনাফ আজিজ; নির্বাহী সদস্য মেহরান হোসেন চৌধুরী, মেহেদী মালেক সাজিব ও সাবিক রহমান; এবং সমন্বয়কারী মেহতাজ কামাল খান, রেজাউল হক (রাজু), শাহদাব হোসেন ও ফারিহা চৌধুরী।

গত বছরের মতো এবারও অলিম্পিয়াডের ডায়মন্ড পার্টনার হিসেবে থাকছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। প্লাটিনাম পার্টনার ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)। গোল্ড পার্টনার হিসেবে রয়েছে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি, প্রাইম ব্যাংক পিএলসি, কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসি ও আইডিএলসি ফাইন্যান্স পিএলসি। সিলভার পার্টনার ব্র্যাক ব্যাংক পিএলসি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) ও জিএসসি (ডিএইচএস)।

এছাড়া অন্যান্য পার্টনারদের মধ্যে রয়েছে— অ্যাপারেল পার্টনার তুরাগ অ্যাক্টিভ (turAag Active), হেলথ পার্টনার ইয়র্ক হাসপাতাল, ওয়েলনেস পার্টনার মাউন্ট এলিজাবেথ (বাই আইএইচএইচ হেলথকেয়ার), স্ন্যাকস পার্টনার এমজিআই (মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ), বেভারেজ পার্টনার ফ্রেশ, আইসক্রিম পার্টনার পোলার, হাইড্রেশন পার্টনার এসিআই ইলেকট্রোলাইট ড্রিংক এবং এইচটুও পার্টনার মম (MUM)।

মিডিয়া পার্টনার:

আয়োজনের ব্রডকাস্ট পার্টনার টি স্পোর্টস। প্রিন্ট মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দৈনিক যুগান্তর, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, দ্য ডেইলি অবজারভার, দৈনিক ইত্তেফাক, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস, বাংলাদেশ প্রতিদিন ও ডেইলি সান। ইলেকট্রনিক মিডিয়া পার্টনার ইনডিপেনডেন্ট টেলিভিশন, এটিএন বাংলা, চ্যানেল আই ও বৈশাখী টিভি।

সকল অংশগ্রহণকারী ক্লাব, সদস্য, ক্রীড়াবিদ, কর্মকর্তা ও সমর্থককে খেলাধুলা ও সম্প্রীতির এই উৎসবে গুলশান ক্লাব লিমিটেডের পক্ষ থেকে আন্তরিক স্বাগত জানানো হয়েছে।