, ,

আন্তর্জাতিক এনইএফ বৃত্তি পেল গাকৃবির ১২ শিক্ষার্থী

নিউজটি শেয়ার করুন

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) পরিবেশ ও প্রাকৃতিক বিজ্ঞানভিত্তিক বিভিন্ন বিভাগে অধ্যয়নরত ১২ জন মেধাবী শিক্ষার্থী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জাপানের নাগাও ন্যাচারাল এনভাইরনমেন্ট ফাউন্ডেশন (এনইএফ) বৃত্তি লাভ করেছেন। বৃত্তিপ্রাপ্তদের মধ্যে রয়েছেন নয়জন ছাত্রী ও তিনজন ছাত্র, যারা পরিবেশ সংরক্ষণে দায়বদ্ধতা ও উৎকৃষ্ট একাডেমিক সাফল্যের স্বীকৃতি হিসেবে এ বৃত্তির জন্য মনোনীত হন।
মঙ্গলবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল কক্ষে আয়োজিত এক আনন্দঘন অনুষ্ঠানে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বৃত্তিপ্রাপ্তদের হাতে বৃত্তির চেক তুলে দেন। এরা সবাই বিশ্ববিদ্যালয়ের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। প্রতি শিক্ষার্থী তিন বছর ধরে বছরে ৩৮ হাজার টাকা করে এই আর্থিক সহায়তা পাবেন।
উল্লেখযোগ্য বিষয় হলো, এর আগে চলতি বছরের অক্টোবর মাসে গাকৃবির আরও ২০ জন শিক্ষার্থী একই বৃত্তি পেয়েছিলেন, যা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক অঙ্গনে ক্রমবর্ধমান অগ্রযাত্রার প্রতিফলন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বলেন,
“গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্তর্জাতিক পর্যায়ে ধারাবাহিকভাবে সাফল্যের স্বীকৃতি পাচ্ছে—এটি অত্যন্ত গর্বের। এই বৃত্তি শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং টেকসই কৃষি উন্নয়নে আরও অনুপ্রাণিত করবে।”
তিনি আরও বলেন, বাংলাদেশকে পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়ন কর্মকাণ্ডে জাপানের এনইএফ যে দীর্ঘদিন ধরে সহায়তা করে আসছে, তা দুই দেশের বন্ধুত্বের উজ্জ্বল উদাহরণ।
বৃত্তিপ্রাপ্তদের পক্ষ থেকে ফরেস্ট্রি অ্যান্ড এনভাইরনমেন্ট অনুষদের শিক্ষার্থী নাফিসা জান্নাত অমি অনুভূতি প্রকাশ করে বলেন,
“মধ্যবিত্ত পরিবারের একজন মেয়ে হয়েও এনইএফ বৃত্তি পাওয়া আমার জন্য বড় অর্জন। ভবিষ্যতে জাপানে উচ্চশিক্ষা গ্রহণ করে দেশ ও বিশ্বের জন্য ইতিবাচক কিছু করার ইচ্ছা রাখি।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. এম. ময়নুল হক এবং ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ। সভাপতিত্ব করেন এনইএফ বাংলাদেশ কমিটির কো-অর্ডিনেটর ও গাকৃবির আন্তর্জাতিক বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ আমজাদ হোসেন।
উল্লেখ্য, জাপানভিত্তিক মানবিক বেসরকারি সংস্থা এনইএফ দীর্ঘদিন ধরে উন্নয়নশীল দেশের গবেষণা, আন্তর্জাতিক সেমিনার আয়োজন এবং পরিবেশ সুরক্ষা কার্যক্রমে সহায়তা করে আসছে।