, ,

কাশিয়ানীতে কোটি টাকার সরকারি জায়গা দখল করে বালু ভরাট

নিউজটি শেয়ার করুন

‏

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বিশ্বনাথপুর মৌজায় ব্যাসপুর বাসস্ট্যান্ড ব্রিজসংলগ্ন সরকারি জায়গা দখল করে বালু ভরাটের অভিযোগ উঠেছে। এলাকাবাসীর অভিযোগ—দীর্ঘদিন ধরে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের নেতৃত্বে ব্রিজের দুই পাশের ভূমি বালু ফেলে ভরাট করে দোকানঘর তোলার প্রস্তুতি চলছে। অথচ বিষয়টি জানার পরও নীরব রয়েছে স্থানীয় প্রশাসন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বিশ্বরোডের দুই পাশে নূর আলম, ইদ্রিস মোল্যাসহ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি সরকারি জায়গা দখল করে দ্রুতগতিতে বালু ফেলছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, প্রভাবশালীদের ভয়ে কেউ প্রকাশ্যে প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না।
জয়নগর ভূমি অফিসের তহশীলদার এ বিষয়ে বলেন, “রাস্তার পাশে যারা বালু ভরাট করছেন, তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা জানিয়েছে—এক-দুই দিনের মধ্যেই ভরাটকৃত বালু সরিয়ে নেবে।”
অভিযুক্ত নূর আলমকে বিষয়টি জানতে চাইলে তিনি কোনো দায় স্বীকার না করে বলেন, “আমি কিছুই জানি না। আপনারা ইদ্রিস মোল্যার সঙ্গে কথা বলেন, তিনিই সাংবাদিকদের সব বিষয় জানাচ্ছেন।”
ব্যাসপুর বাজার কমিটির সভাপতি ইদ্রিস মোল্যাকে প্রশ্ন করা হলে তিনি দাবি করেন, “আমরা বালু ভরাটের কাজ এক নেতাকে দিয়ে উদ্বোধন করিয়েছি। প্রশাসনের সঙ্গে কথা বলেই ভরাট করছি।”
সরকারি জায়গা দখলের ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভ দেখা গেলেও প্রশাসনের তৎপরতা চোখে পড়ছে না। দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।