মো: আজিজ উল্লাহ টেকনাফ থেকে : কক্সবাজারের টেকনাফ বাহারছড়ার শীর্ষ মানব পাচারকারী চক্রের মুল হোতা আব্দুল আলী কে আটক করেছে বাংলাদেশ কোষ্টগার্ড।রবিবার ১২ অক্টোবর ২০২৫ তারিখ রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ ১২ অক্টোবর ২০২৫ তারিখ রবিবার বিকাল ৫ টায় কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়া ও স্টেশন টেকনাফ কর্তৃক কক্সবাজারের টেকনাফ থানাধীন বাহারছড়ার জুম্মাপাড়া সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় তল্লাশী চালিয়ে শীর্ষ মানব পাচারকারী চক্রের মূল হোতা, একাধিক মামলার আসামি কুখ্যাত আব্দুল আলী (৫০) কে আটক করা হয়।
আটককৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তার নেতৃত্বে একটি অসাধু চক্র দীর্ঘদিন যাবত রোহিঙ্গা এবং বাংলাদেশ নাগরিকদের অপহরণ করে আসছিল। পরবর্তীতে অর্থের বিনিময়ে তাদের মালয়েশিয়া সহ দক্ষিণ পূর্বাঞ্চলীয় বিভিন্ন দেশে পাচার করা হয়।







