, ,

মায়ার নাম তুমি

নিউজটি শেয়ার করুন

এ কেমন মায়া?
আমার অন্তরের সকল মায়ার
একটাই নাম— তুমি।

সেই মায়ার ভালোবাসার আদলে
সারাক্ষণ, অনুক্ষণ গুনগুন করে
আমি শুধু তোমার নামই ডাকি।

ভালোবাসার মায়ায় তোমার জন্য
কবিতা লিখি —
ঘুরে ঘুরে অজস্র মায়াকে জড়ো করে
লিখি জীবনের গূঢ়তম চিঠি।

হাজার বছরের মায়াকে বুকে রেখে
তোমার জন্য এক আকাশ ভালোবাসা
রচনা করি আমি।

সেই আকাশের রঙে রচিত আছে
তোমার জন্য উজ্জ্বল সকাল,
তোমার জন্য প্রতিটি তারায় লেখা আছে
হিরকখচিত স্বর্ণমুকুট।

আমার অস্তিত্ব ঘিরে বাজে
তোমার জন্য প্রেমের মায়াবী সংগীত।
আমার মন, চেতনা, নিঃশ্বাসজুড়ে
বিকিরিত হয় তোমার প্রতি
আমার বুকভরা নীলাভ মায়া।

আমার সেই অদৃশ্য নীলাভ মায়া
সমুদ্রের ঢেউ হয়ে আচড়ে পড়ে
তোমার মনের সৈকতে।

সে মায়া এক একটি সামুদ্রিক পাখি হয়ে
ভালোবাসার সুখানুভূতি নিয়ে
চঞ্চল ডানায় ঝাপটায় —
আর আমাকে তোমার দিকে
অবিরাম টেনে নিয়ে যায়।

আর আমি —
জলপ্রপাতের মতো
তোমার উদ্দেশ্যেই
প্রবাহিত হই।