নিজস্ব প্রতিবেদক
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, যে সকল এমপিওভুক্ত শিক্ষকরা ক্লাস বাদ দিয়ে মিছিলে যান, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার নাটোরের নবাব সিরাজ-উদ্-দৌলা সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা কালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, লেখাপড়ার ক্ষেত্রে কোন দুর্নীতি ও পরীক্ষায় কোন নকল করা চলবে না। অনেক শিক্ষক রয়েছেন স্কুলে না পরিয়ে কোচিং সেন্টারে পড়ায়। এ বিষয়ে আমরা নজর রাখছি। শিক্ষকদেরকে ক্লাসরুমে পড়াতে হবে। যে সকল এমপিওভুক্ত শিক্ষকরা ক্লাস বাদ দিয়ে মিছিলে যান, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
তিনি আরো বলেন, আমার দায়িত্ব শিক্ষকদের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য লেখাপড়ার সুষ্ঠু পরিবেশ তৈরি করা। কিন্তু অনেক সময় শিক্ষকরা তাদের কর্তব্য পালন না করে মিছিল মিটিংয়ে যোগ দেন। এ সকল বিষয় থেকে বিরত থেকে শিক্ষকদের ক্লাস নেওয়ায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।
তিনি আরো বলেন, শিক্ষক নেতা তিনিই হবেন, যার সার্টিফিকেটে ভালো রেজাল্ট থাকবে। নকল সার্টিফিকেট দিয়ে শিক্ষক নেতা হওয়া যাবে না।
তিনি এসময় শিক্ষাক্ষেত্রে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সমাজের গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের দায়িত্ব নিতে হবে।
নবাব সিরাজ-উদ্-দৌলা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ শফিক নেওয়াজ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ এ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব আব্দুল খালেক, নাটোর জেলা পরিষদের প্রশাসক মোঃ রহিম নেওয়াজ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. খান মঈনুদ্দীন আল মাহমুদ সোহেল বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।





