কক্সবাজারের হোটেল ও বাঁশখালীর বিভিন্ন এলাকায় পুলিশের অভিযান, একাধিক মামলার তথ্য
চট্টগ্রামের বাঁশখালীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর থেকে দুপুর পর্যন্ত কক্সবাজারের একটি হোটেলসহ বাঁশখালীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের অর্থবিষয়ক সম্পাদক, সরকারি আলাওল কলেজ ছাত্রলীগের সভাপতি এবং পৌর ছাত্রলীগের আহ্বায়ক কমিটির এক সদস্য রয়েছেন। এ ছাড়া একজন কিশোরও রয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাঁশখালী থানা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর বিভিন্ন সময়ে বাঁশখালী থানা এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো এবং জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে মশাল মিছিল ও পতাকা মিছিল আয়োজনের অভিযোগ রয়েছে। এ ছাড়া সড়কে যানবাহন ভাঙচুরসহ বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সংশ্লিষ্টদের গ্রেপ্তারে পুলিশ অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় তথ্যপ্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার রাত আনুমানিক ৪টার দিকে কক্সবাজার সদর থানাধীন কলাতলী এলাকার সি প্যালেস হোটেলে অভিযান চালায় বাঁশখালী থানা পুলিশ। সেখান থেকে বাঁশখালী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফারভেজ হোসেনকে (২০) গ্রেপ্তার করা হয়।
একই দিন সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে বাঁশখালী উপজেলার চেচুরিয়া এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। এ সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের অর্থবিষয়ক সম্পাদক ও সরকারি আলাওল কলেজ ছাত্রলীগের সভাপতি মো. জিয়াউদ্দিন আকাশ (২২), ছাত্রলীগের সক্রিয় সদস্য মারুফুল ইসলাম (২১) এবং সংগঠনটির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ১৬ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে দুপুর ১টার দিকে বাঁশখালী থানাধীন বৈলছড়ি পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে বাঁশখালী পৌর ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য শফিকুল ইসলাম শাওনকে (২২) গ্রেপ্তার করা হয়।
বাঁশখালী থানা পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলাসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, বাঁশখালী থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে এবং অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।







