ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে টেনিস বলের ভেতরে মাদক ভরে পাঠানোর অভিযোগ করেছেন জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম।
তিনি বলেন, কারাগারের প্রতিটি ওয়ার্ডে মাদক রয়েছে। প্রতিদিন রাতে টেনিস বলের ভেতরে মাদক ভরে বাইরে থেকে কারাগারের ভেতরে ছুড়ে দেওয়া হয়। পরে নম্বর অনুযায়ী কারারক্ষীরা সেসব বল নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেন।
বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ায় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রগুলোর সেবার মান উন্নয়ন ও প্রতিবন্ধকতা নিরসনে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সিরাজুল ইসলাম বলেন, ‘আমি নিজে কারাগারে থেকে এসব দেখেছি। টেনিস বলের ভেতরে টেপ পেঁচিয়ে মাদক কারাগারের ভেতরে পাঠানো হয়। কারাগারের ভেতরে মাদক পরিবহনের এই পদ্ধতি এখনো চলমান রয়েছে।’
ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবু সাঈদের সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ সঞ্চালনা করেন।
এতে আরও বক্তব্য দেন জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি জহিরুল হক খোকন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সাজেদুল হাসান, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, গণঅধিকার পরিষদের জেলা সভাপতি আশরাফুল হাসান তপু এবং মাদক নিরাময় কেন্দ্রগুলোর পক্ষে মো. আরমান।
সভায় বক্তারা বলেন, মাদকাসক্তদের চিকিৎসা নিশ্চিত করতে নিরাময় কেন্দ্রগুলোর সেবার মান উন্নয়নে সরকারি সহায়তা প্রয়োজন। বিশেষ করে দরিদ্র পরিবারের মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসার ব্যয় বহন করা কঠিন হয়ে পড়ে। এ কারণে অনেকেই চিকিৎসা নিতে পারেন না।
তাঁরা আরও বলেন, সরকারি উদ্যোগে মাদক নিরাময় কেন্দ্র স্থাপন করা হলে দরিদ্র পরিবারের মানুষ স্বল্প খরচে চিকিৎসা নেওয়ার সুযোগ পাবেন। পাশাপাশি বেসরকারি নিরাময় কেন্দ্রগুলোতে সরকারি ভর্তুকি দেওয়া হলে চিকিৎসার ব্যয় কমে আসবে। এ ছাড়া বেসরকারি নিরাময় কেন্দ্র স্থাপনের জন্য সরকারের খাস খতিয়ানভুক্ত জমি বরাদ্দ দেওয়ার আহ্বান জানান তাঁরা।







