, ,

নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবল হত্যা: ‘মাদক সম্রাট’ আব্দুল্লাহ ও ডেভিডসহ গ্রেপ্তার ৬

নিউজটি শেয়ার করুন

নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা হত্যা মামলার প্রধান আসামি মোহাম্মদ রিয়াজ ওরফে ডেভিড এবং ঘটনার মাস্টারমাইন্ড হিসেবে চিহ্নিত মাদক ব্যবসায়ী আব্দুল্লাহসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের সময় পুলিশের ওপর ককটেল নিক্ষেপের ঘটনায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় পুলিশের গুলিতে ডেভিডের ডান পায়ে আঘাত লাগে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে ফতুল্লা থানাধীন হাশেমবাগ এলাকায় গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে যান শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির এএসআই আব্দুস সাত্তার ও কনস্টেবল আনোয়ার মোল্লা। এ সময় কয়েকজন মাদক ব্যবসায়ী তাদের আটক করে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এএসআই সাত্তার প্রাণে বাঁচতে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হলেও দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে কনস্টেবল আনোয়ার মোল্লা নিহত হন। এ ঘটনায় ফতুল্লা থানায় হত্যা মামলা দায়ের করা হয়।

চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও আসামিদের গ্রেপ্তারে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের একাধিক দল মাঠে নামে। পাশাপাশি এসআরবি-১১-এর সদস্যরাও অভিযানে অংশ নেন। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদী এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসিনুজ্জামানের নেতৃত্বে পৃথক দুটি দল গঠন করা হয়।

পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তি ও বিভিন্ন গোয়েন্দা তথ্য বিশ্লেষণের ভিত্তিতে ২৫ নভেম্বর দিবাগত রাত আনুমানিক ২টা ১০ মিনিটে জেলা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামানের নেতৃত্বে মুন্সীগঞ্জ সদর থানা এলাকায় যৌথ অভিযান চালানো হয়। এ সময় হত্যাকাণ্ডের অন্যতম পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত আব্দুল্লাহকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আব্দুল্লাহর দেওয়া তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন দেওভোগ পানির ট্যাংকি ও তাসলিম পট্টি এলাকায় অভিযান চালিয়ে সামাদ ও হাসান নামে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে গ্রেপ্তারকৃত সামাদ ও হাসানের দেওয়া তথ্য অনুযায়ী, সকাল আনুমানিক ৭টা ৫০ মিনিটে তাসলিম পট্টির নুর হোসেনের একটি পরিত্যক্ত ভবনে অভিযান চালায় পুলিশ। সেখানে হত্যা মামলার প্রধান আসামি ডেভিডকে গ্রেপ্তারের চেষ্টা করলে সে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে বলে জানিয়েছে পুলিশ।

এ সময় আত্মরক্ষার্থে এবং আসামিকে গ্রেপ্তারের উদ্দেশ্যে ফতুল্লা থানার কনস্টেবল মো. পারভেজ শর্টগান থেকে দুই রাউন্ড গুলি ছোড়েন। এতে ডেভিডের ডান পায়ে আঘাত লাগে। ককটেলের আঘাতে চার পুলিশ সদস্য সামান্য আহত হন। পরে আহত ডেভিডকে উদ্ধার করে খানপুর হাসপাতালে পাঠানো হয়।

অভিযানকালে ঘটনাস্থল থেকে ককটেল তৈরির সরঞ্জাম, তিনটি ধারালো দেশীয় অস্ত্র ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

অন্যদিকে, এসআরবি-১১ নারায়ণগঞ্জ সদর টিমের সদস্যরা এসআরবি হেডকোয়ার্টার্স, ঢাকার সহযোগিতায় পৃথক অভিযান চালিয়ে জাবেদ কায়সার আজাদ (৪০) ও আদর (২২) নামে আরও দুজনকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন:
১. আব্দুল্লাহ (৩২)।
২. মোহাম্মদ রিয়াজ ওরফে ডেভিড (২৮)।
৩. আব্দুস সামাদ (২৩)।
৪. মাহমুদুল হাসান (২২)।
৫. জাবেদ কায়সার আজাদ (৪০)।
৬. আদর (২২)।

পুলিশ জানায়, গ্রেপ্তার ছয় আসামির মধ্যে পাঁচজনকে আদালতে হাজির করা হলে আদালত প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

উদ্ধারকৃত আলামত:
১. তিনটি ধারালো চাকু।
২. ককটেল তৈরির সরঞ্জাম।
৩. একটি মোটরসাইকেল।
৪. আসামিদের ব্যবহৃত মোবাইল ফোন।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিক, বিপিএম।