, ,

গাইবান্ধায় ৩ ককটেল ও ৩ পেট্রলবোমা উদ্ধার

নিউজটি শেয়ার করুন

‎গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট এলাকায় অভিযান চালিয়ে তিনটি ককটেল ও তিনটি পেট্রলবোমা উদ্ধার করেছে এসআরবি-১৩।
‎
ঢাকা-রংপুর মহাসড়কের পূর্ব পাশে জিসান ফিলিং স্টেশন ও ইটভাটাসংলগ্ন একটি নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়ে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়।
‎
‎শনিবার পাঠানো এক লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার গাইবান্ধা জেলা প্রতিনিধিকে এ তথ্য জানান এসআরবি-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।
‎
‎প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৩, সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল ধাপেরহাট এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় নির্মাণাধীন ভবনের ভেতরে তিনটি ককটেল ও তিনটি পেট্রলবোমার সন্ধান পাওয়া যায়। পরে এসআরবি-১৩-এর বোমা নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরকগুলো উদ্ধার করে।
‎
‎উদ্ধার করা ককটেল ও পেট্রলবোমা সাদুল্লাপুর থানায় সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে জমা দেওয়া হয়েছে।
‎
‎নাশকতা প্রতিরোধ, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এসআরবি-১৩-এর চলমান অভিযান অব্যাহত থাকবে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।