নড়াইলে ৮ বছর বয়সী তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে ৫০বছর বয়সী আসাদ মোল্যাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
একই সঙ্গে তাকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) নড়াইলের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ ছামিদুল ইসলাম এ দণ্ডাদেশ দেন।
মামলার বিবরণে জানাযায়, নড়াগাতী থানার মহাজন উত্তরপাড়ার আমির মোল্যার ছেলে আসাদ মোল্যা (৫০) একই গ্রামের জনৈক ব্যক্তির ৩য় শ্রেণীতে পড়ুয়া কন্যাকে চলতি বছরের (২০২৬ সাল) ২৫ মার্চ দুপুরে ঘরে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
এসময় শিশুটির চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে ধর্ষক আসাদ পালিয়ে যায়। রক্তাক্ত ওই শিশুটিকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনায় দায়েরকৃত মামলায় বিজ্ঞ বিচারক ৮জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় নড়াইলের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ ছামিদুল ইসলাম আসামীকে নারী ও শিশু নির্যাতন দমন আইন,২০০০ এর ধারা ৯(১) মোতাবেক যাবজ্জীবন কারাদন্ড ও ৩লাখ টাকা জরিমানা করেন। রায় ঘোষণার সময় আসামী আদালতে উপস্থিত ছিলেন। মামলাটি সরকারী পক্ষে পরিচালনা করেন শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট আজিবুর রহমান।






