, ,

দ্রব্য মূল্যে নজর নেই, নতুন নতুন আইন সংস্কারে উদ্বাহু সরকার

নিউজটি শেয়ার করুন

শিবব্রত চক্রবর্ত্তী: যদি প্রশ্ন করা হয় কেমন আছে দেশের মানুষ? মাত্র দুটি শব্দে এ প্রশ্নের জবাব দেয়া সম্ভব, শব্দ দুটি হচ্ছে ‘ভাল নেই’। আসলেই ভাল নেই দেশের মানুষ। বিস্তারিত বলতে গেলে বলতে হবে দেশের সিংহ ভাগ মানুষ এখন অসহায়, মানুষের পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। যে বাঙ্গালী আশায় বুক বাঁধতে জানে, বুকের ভেতর জ্বালিয়ে রাখে আশার প্রদীপ সেই মানুষ আজ আর কোন আশার আলো দেখতে পাচ্ছে না। দেখছে এক অনিশ্চিত ও অন্ধকার ভবিষ্যত। বিভিন্ন রাজনৈতিক দলকে দমন করার জন্য সরকার নতুন নতুন ন্যারেটিভ তৈরিতে ব্যস্ত, কিন্তু দ্রব্যমূল্য, গ্যাস ও বিদ্যুৎ সংকট নিয়ে সরকারের কোনো মাথাব্যথা নেই ।
জনদুর্ভোগের দিকে সরকারের কোনো নজর নেই।
সরকার ক্ষমতায় আসার নয় মাসের মধ্যেই জনদুর্ভোগ, লুটপাট, চাঁদাবাজি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।
জুলাই অভ্যুত্থানের সুফলভোগীরা রাষ্ট্রক্ষমতায় এলেও মানুষের প্রত্যাশা পূরণ হয়নি।
অথচ নয় মাস আগে যখন এই সরকার ক্ষমতায় আসে তখন এই সাধারণ মানুষই নতুন আশায় বুক বেঁধে ছিল।
যে চোখের দৃষ্টি আজ ঘোলাটে এই চোখই নতুন স্বপ্নে চকচক করে উঠে ছিল। ২০২৬ এর ফেব্রুয়ারি থেকে নভেম্বর – এরমধ্যে কি এমন ঘঠল যে মানুষের আশার ঝর্ণা শুকিয়ে গেল নিভে গেল আশার আলো!
সাধারণ বাঙ্গালীর সহজাত প্রবনতা “আমার সন্তান যেন থাকে দুধে ভাতে ।”অতি পুরনো সত্য এই যে, বাঙ্গালী মোটা ভাত আর মোটা কাপড়ে সন্তুষ্ট। কিন্তু ভাতের চাল যখন বাড়ন্ত তখন আর মনে শান্তি থাকেনা। এখন আর ভাল থাকার কথা নয় কারও। সরকার যখন দূর্নীতির মূলোৎপাটনের ঘোষনা দিয়ে ক্ষমতায় আসে তখন সাধারণ মানুষ স্বাভাবিক ভাবে আশায় বুক বেধেছিল। এ কারনেই যে এবার অন্তত দ্রব্য মূল্যের কশাঘাত ব্যবস্থা থেকে এবার রেহাই পাওয়া যাবে। কিন্তু জনগনের সে আশা এখন পর্যন্ত দুরাশাই থেকে গেছে, বাজারে জিনিস পত্রের দাম কমেনি, বেড়েছে। বাড়তে বাড়তে একেবারে মানুষের ধরাছোয়ার বাইরে।
এ অবস্থায় আবার বাড়লো বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম, ক’দিন যেতে না যেতেই বাড়ানো হয় বিদ্যুতের দাম ওদিকে মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম সহ ভোজ্য তেলের দাম ও বেড়ে চলছে দফায় দফায় সব মিলিয়ে সুখে নেই মানুষ। গ্যাস ও বিদ্যুতের কথা যদি বলা হয় দেশে দৈনিক প্রায় ৩৮০ কোটি ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে বর্তমানে সরবরাহ হচ্ছে মাত্র ২১৫ কোটি ঘনফুট। ফলে প্রতিদিন প্রায় ১৬৫ কোটি ঘনফুট গ্যাসের ঘাটতি তৈরি হয়েছে। এ কারণে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মানুষ রান্না করতে পারছে না, শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে এবং বিদ্যুৎকেন্দ্রগুলো পূর্ণ সক্ষমতায় চলতে পারছে না।
মহেশখালীর এলএনজি টার্মিনালের যান্ত্রিক ত্রুটি, আমদানি নির্ভরতা এবং দেশীয় গ্যাসক্ষেত্রে বিনিয়োগের অভাব বর্তমান সংকটকে আরও তীব্র করেছে।
তিতাস, বিবিয়ানা, হবিগঞ্জ ও রশিদপুরসহ প্রধান গ্যাসক্ষেত্রগুলোতে উৎপাদন বাড়াতে জরুরি ভিত্তিতে বিনিয়োগের দরকার
চলতি বছরের জুনে খুচরা পর্যায়ে বিদ্যুতের গড় দাম প্রায় ১৬ দশমিক ৬৮ শতাংশ বেড়েছে। একইসঙ্গে ‘ভুতুড়ে বিল’ সাধারণ মানুষের দুর্ভোগ বাড়িয়ে দিয়েছে।
প্রকৃত ব্যবহার না হলেও অনেক গ্রাহককে দ্বিগুণ-তিনগুণ বিল পরিশোধ করতে হচ্ছে।
নিত্যপণ্যের দামে চলছে মানুষের নাভিশ্বাস উদ্বেগ ।
চাল, ডাল, চিনি, আলু, পেঁয়াজ, রসুন ও কাঁচা মরিচ ঔষধ শিশুখাদ্য এবং কৃষিপণ্য সহ প্রায় সব ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। এতে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় অসহনীয় হয়ে উঠেছে।
সংবিধান ও জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি তৈরির বদলে জনগণের মৌলিক সমস্যা সমাধানে মনোযোগ দেয়া হচ্ছে না। গ্যাস, বিদ্যুৎ কৃষিপণ্যসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের সংকট নিরসনে তেমন কোন জরুরি পদক্ষেপ নেওয়া হচ্ছে না। কিন্তু যা নেয়া অতীব জরুরি।
অথচ বর্তমান সরকার নির্বাচনে আসার আগে সুখে থাকবার স্বপ্ন দেখানো হয়েছিল। সেই স্বপ্ন দেখানো হয়েছিল বলেই সাধারন মানুষ মেনে নিয়েছিল এই বিএনপি সরকারকে। কিন্তু ফলটা কি দাড়াচ্ছে? অর্থনীতি বিশেষজ্ঞদের মতে এই বিএনপি সরকার ক্ষমতায় আসার পর প্রায় মানুষের আয় হুমকীর সম্মুখীন। এছাড়া যে ভাবে প্রত্যেক পরিবারে থেকে কর্মসংস্থানের আশ্বাস দেয়া হয়েছিল তা ও আমলে নেয়নি এই সরকার। এই পরিস্থিতিতে যদি কেউ এমন প্রশ্ন করেন যে এই সরকারের দেয়া আশ্বাস পুরণ হচ্ছে কি? যে প্রশ্নটিকে একে বারে অযৌক্তিক বলে উড়িয়ে দেয়া বোধ হয় যাবেনা। যুক্তি তর্কের কথা না হয় বাদ দেয়া গেল মানুষের ভাল থাকার যে আকাঙ্খা সে আকাঙ্খাকে নষ্ট হতে দেয়া নিশ্চয় উচিত নয়।
আমরা এটুকু বলতে পারি যে, সাধারন মানুষের চাওয়া খুব সামান্য তা হচ্ছে আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ বাজার, কিন্তু সেই বাজার ব্যবস্থাপনায় সরকার কোন সাফল্য দেখাতে ব্যর্থ। কিন্তু একটা ব্যর্থতা যখন আর সব সাফল্য কে ঢেকে ফেলে তখন তো মেনে নিতেই হয় যে সাফল্যের চেয়ে ব্যর্থতার পাল্লাভারী। বাজারে দ্রব্য মূল্য কমে আসবে মানুষ এমনটিই আশা করে বসে আছে এটাই বাস্তবতা। এবাস্তব অবস্থার মুখে দাড়িয়ে সরকারের পক্ষ থেকে যখন বলা হয় দ্রব্য মূল্য কমবে এমন আশা অবাস্তব তখন এই দ্রব্যমূল্য বৃদ্ধিতে সরকারের কাছে জনগণের আত্মসমর্পণ সমর্পন ছাড়া আর উপায় কি!