২০০ কনস্টেবলসহ ২৮০ সদস্যের জনবল, যুক্ত হচ্ছে আটটি যানবাহন; মেট্রোপলিটন পুলিশ গঠনের প্রত্যাশা
ময়মনসিংহ রেঞ্জ পুলিশের সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা রক্ষায় কার্যক্রম আরও গতিশীল করতে রেঞ্জের অধীনে নতুন রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ) গঠনের অনুমোদন দিয়েছে সরকার। নতুন এই বিশেষায়িত পুলিশ ইউনিট পরিচালনার জন্য বিভিন্ন পদমর্যাদার ২৮০টি পদ সৃজন এবং আটটি যানবাহন টিওঅ্যান্ডইভুক্ত করার সরকারি মঞ্জুরি দেওয়া হয়েছে। অনুমোদিত জনবলের মধ্যে রয়েছেন একজন কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি), একজন পুলিশ সুপার (এসপি), দুজন অতিরিক্ত পুলিশ সুপারসহ ২০০ জন কনস্টেবল।
ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা-এর সার্বিক তত্ত্বাবধানে রেঞ্জ পুলিশের সাংগঠনিক সম্প্রসারণের এ উদ্যোগ বাস্তবায়নের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। এ বিষয়ে গত ১৭ নভেম্বর অর্থ বিভাগের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণসংক্রান্ত পত্র ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ে পৌঁছেছে। নতুন আরআরএফ গঠন ও এর জনবল কাঠামোর বিষয়টি দৈনিক স্বদেশ বিচিত্রার স্পেশাল করেসপন্ডেন্ট স্বাধীন চৌধুরীকে নিশ্চিত করেন রেঞ্জ ডিআইজি।
রেঞ্জ ডিআইজির কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-৩ শাখা থেকে গত ২ নভেম্বর ২০২৬ তারিখে এ-সংক্রান্ত সরকারি মঞ্জুরি আদেশ জারি করা হয়। অনুমোদিত জনবল কাঠামোতে রয়েছে একজন কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি), একজন পুলিশ সুপার (এসপি), দুজন অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি), চারজন পুলিশ পরিদর্শক (সশস্ত্র), পাঁচজন এসআই (নিরস্ত্র), ১২ জন এসআই (সশস্ত্র), দুজন এএসআই (নিরস্ত্র), ২০ জন এএসআই (সশস্ত্র), ২০ জন নায়েক এবং ২০০ জন কনস্টেবল।
এ ছাড়া প্রশাসনিক ও দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য প্রধান সহকারী, স্টেনোগ্রাফার, উচ্চমান সহকারী, হিসাবরক্ষক, ক্যাশিয়ার, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, বিক্রয় সহকারী, ওজনদার ও অফিস সহায়ক পদও সৃষ্টি করা হয়েছে। অর্থাৎ মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের পাশাপাশি ইউনিটটির প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্যও প্রয়োজনীয় জনবল কাঠামো অনুমোদিত হয়েছে।
নতুন আরআরএফের কার্যক্রম পরিচালনার জন্য আটটি যানবাহন টিওঅ্যান্ডইভুক্ত করার অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে একটি জিপ, দুটি ডাবল কেবিন পিকআপ, একটি তিন টনের ট্রাক, একটি পাঁচ টনের ট্রাক, একটি বাস এবং দুটি মোটরসাইকেল। এসব যানবাহন সংযোজিত হলে সদস্য ও সরঞ্জাম পরিবহন, বিশেষ দায়িত্ব পালন এবং প্রয়োজন অনুযায়ী বিভিন্ন এলাকায় দ্রুত পুলিশ মোতায়েনের সক্ষমতা বাড়বে।
মঞ্জুরি আদেশ অনুযায়ী, এ-সংক্রান্ত ব্যয় পুলিশ বাজেটের সংশ্লিষ্ট খাতে বরাদ্দকৃত অর্থ থেকে নির্বাহ করা হবে। একই সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগের আরোপিত শর্তাবলি এবং বিদ্যমান বিধিবিধান অনুসরণ করতে হবে।
ময়মনসিংহ রেঞ্জের অধীনে রয়েছে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা জেলা। চার জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, বিশেষ অভিযান, গুরুত্বপূর্ণ স্থাপনা ও অনুষ্ঠানের নিরাপত্তা, বড় ধরনের জনসমাবেশ ব্যবস্থাপনা এবং জরুরি পরিস্থিতিতে অতিরিক্ত পুলিশ মোতায়েনের ক্ষেত্রে নতুন এই আরআরএফ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
রেঞ্জ পর্যায়ে একটি বিশেষায়িত রিজার্ভ পুলিশ ইউনিট থাকলে কোনো একটি জেলায় বিশেষ পরিস্থিতির সৃষ্টি হলে প্রয়োজন অনুযায়ী দ্রুত অতিরিক্ত জনবল ও প্রয়োজনীয় সহায়তা পাঠানো সম্ভব হবে। এতে চার জেলার মধ্যে পুলিশি সমন্বয় জোরদার হওয়ার পাশাপাশি জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা বাড়বে। বিশেষ করে বড় ধরনের সংঘাত, সহিংসতা, জননিরাপত্তার সংকট কিংবা বিশেষ নিরাপত্তা কার্যক্রম পরিচালনায় ইউনিটটি কার্যকর ভূমিকা রাখতে পারবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
এদিকে ময়মনসিংহ রেঞ্জ পুলিশের সাংগঠনিক সম্প্রসারণের পাশাপাশি বিভাগীয় শহর ময়মনসিংহে মেট্রোপলিটন পুলিশ প্রতিষ্ঠার দীর্ঘদিনের প্রত্যাশাও নতুন করে আলোচনায় এসেছে। বিভাগীয় শহর হিসেবে ময়মনসিংহের নগরায়ণ, জনসংখ্যা, যানবাহন, ব্যবসা-বাণিজ্য, শিক্ষাপ্রতিষ্ঠান এবং নাগরিক কর্মকাণ্ডের পরিধি ক্রমেই বাড়ছে। কিন্তু এখনো এখানে স্বতন্ত্র মেট্রোপলিটন পুলিশ ব্যবস্থা গড়ে ওঠেনি।
নগরজীবনের ক্রমবর্ধমান নিরাপত্তা চাহিদা, অপরাধ নিয়ন্ত্রণ, যানজট ব্যবস্থাপনা, ট্রাফিক শৃঙ্খলা, প্রযুক্তিনির্ভর নজরদারি এবং নাগরিকদের দ্রুত পুলিশি সেবা নিশ্চিত করতে একটি বিশেষায়িত নগর পুলিশ কাঠামোর প্রয়োজনীয়তা ক্রমেই স্পষ্ট হচ্ছে। মেট্রোপলিটন পুলিশ প্রতিষ্ঠিত হলে এসব ক্ষেত্রে আরও সমন্বিত ও আধুনিক ব্যবস্থাপনা গড়ে তোলার সুযোগ সৃষ্টি হবে।
এ ক্ষেত্রে রেঞ্জ রিজার্ভ ফোর্স ও মেট্রোপলিটন পুলিশের দায়িত্ব ও কার্যপরিধি সম্পূর্ণ পৃথক। আরআরএফ ময়মনসিংহ রেঞ্জের চার জেলার জন্য বিশেষ প্রয়োজনে অতিরিক্ত পুলিশি শক্তি সরবরাহ করবে। অন্যদিকে মেট্রোপলিটন পুলিশ মহানগর এলাকার নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবে। ফলে একটি উদ্যোগ অন্যটির বিকল্প নয়; বরং ময়মনসিংহের সামগ্রিক পুলিশি সক্ষমতা বৃদ্ধিতে উভয়েরই স্বতন্ত্র গুরুত্ব রয়েছে।
ময়মনসিংহ রেঞ্জের অধীনে নতুন আরআরএফ গঠনের সরকারি অনুমোদন পুলিশ প্রশাসনের সাংগঠনিক সম্প্রসারণে নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। ২৮০টি পদ সৃজন এবং আটটি যানবাহন সংযোজনের সিদ্ধান্তের মধ্য দিয়ে নতুন ইউনিটটির কার্যক্রম পরিচালনার প্রাতিষ্ঠানিক ভিত্তি তৈরি হয়েছে। তবে অনুমোদনের পর জনবল নিয়োগ ও পদায়ন, কমান্ড্যান্ট নিয়োগ, সদর দপ্তরের অবকাঠামো প্রস্তুত এবং যানবাহন সংযোজনের মতো বাস্তবায়নমূলক কার্যক্রম সম্পন্ন হলেই ইউনিটটির পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করা সম্ভব হবে।
চার জেলার আইনশৃঙ্খলা রক্ষায় আরআরএফের কার্যকর ভূমিকা নিশ্চিত করার পাশাপাশি ময়মনসিংহ মেট্রোপলিটন পুলিশ প্রতিষ্ঠার দীর্ঘদিনের প্রত্যাশা পূরণও এখন সময়োপযোগী পুলিশি ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ দাবি। বিভাগীয় শহর ময়মনসিংহ এবং এর বিস্তৃত অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক, সমন্বিত ও জনবান্ধব পুলিশি কাঠামো গড়ে তোলাই হওয়া উচিত আগামী দিনের লক্ষ্য।







