আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর সদর উপজেলার ৬নং নরুন্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন মোঃ সুফিয়ান কবির শিপন।
সম্প্রতি ইউনিয়নের আটালিয়া স্কুল মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তার উপস্থিতিতে স্থানীয় মানুষের ব্যাপক সমাগম ঘটে। এ সময় মাঠজুড়ে মানুষের ঢল নামে।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সুফিয়ান কবির শিপন বলেন, “আমি নির্বাচিত চেয়ারম্যান হলে নরুন্দি ইউনিয়নের সার্বিক উন্নয়নে সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করব। এলাকার রাস্তাঘাট ও অবকাঠামোগত উন্নয়ন, স্কুল-কলেজের মাঠ, মাদ্রাসা ও মসজিদের উন্নয়নসহ সাধারণ মানুষের জীবনমান পরিবর্তনে কাজ করব। বিশেষ করে গরিব, অসহায় ও দুঃখী মানুষের পাশে থেকে তাদের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখব।
তিনি আরও বলেন, একটি আধুনিক, উন্নত ও ন্যায়ভিত্তিক ইউনিয়ন গড়ে তুলতে সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। মাদকমুক্ত যুবসমাজ গঠন এবং প্রতিটি গ্রামে ক্রীড়া সংঘ প্রতিষ্ঠার মাধ্যমেও তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
রাজনৈতিক জীবনে মোঃ সুফিয়ান কবির শিপন নরুন্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, জামালপুর সদর উপজেলা বিএনপির প্রচার সম্পাদক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জামালপুর সদর উপজেলা পূর্ব শাখার সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে তিনি নরুন্দি ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন।
উন্নত অবকাঠামো, মাদকমুক্ত সমাজ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে সামনে রেখে নরুন্দি ইউনিয়নের মানুষের প্রত্যাশা পূরণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন এই চেয়ারম্যান পদপ্রার্থী।







