, ,

জলবায়ু সহনশীল কৃষি ও টেকসই উন্নয়নে গাকৃবিতে ইফাদের আন্তর্জাতিক সেমিনার

নিউজটি শেয়ার করুন

জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা, কৃষি ও প্রতিবেশ ব্যবস্থার সহনশীলতা বৃদ্ধি এবং জলবায়ু বিনিয়োগকে দীর্ঘমেয়াদি টেকসই উন্নয়নে রূপান্তরের কৌশল ও অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি)

“From Climate Investment to Sustained Resilience: Lessons from IFAD Experience” শীর্ষক এক আন্তর্জাতিক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল সম্মেলন কক্ষে গাকৃবি ও আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (ইফাদ) ইন্ডিপেন্ডেন্ট অফিস অব ইভালুয়েশন (আইওই)-এর যৌথ সহযোগিতায় এ সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাকৃবির উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ জাহিদুর রহমান এবং ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ। আন্তর্জাতিক এ সেমিনারে আলোচক হিসেবে বক্তব্য দেন আইওই-ইফাদের পরিচালক ড. ইন্দ্রান নাইডু এবং একই প্রতিষ্ঠানের সেকশন প্রধান ড. কুয়েসি ম্যাক্সিমিন কোজো। এ ছাড়া উপস্থিত ছিলেন ইফাদের বাংলাদেশ, এশিয়া ও প্যাসিফিক বিভাগের কান্ট্রি ডিরেক্টর ও রিপ্রেজেন্টেটিভ ড. ইর, ভ্যালান্টাইন আচানচো, গাকৃবির বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, শিক্ষক, প্রক্টর এবং পিএইচডি শিক্ষার্থীরগণ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাকৃবির কৃষিতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম, যিনি একই সঙ্গে আইওই-ইফাদের মূল্যায়ন দলের জিআইএস কনসালট্যান্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যের মাধ্যমে অতিথিদের অভ্যর্থনা জানানো হয়। পরে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও অবকাঠামোগত অগ্রযাত্রা নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। সেমিনারের বিষয়বস্তুর সঙ্গে সামঞ্জস্য রেখে বিশ্ববিদ্যালয়ের গবেষণার সক্ষমতা, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কৃষি গবেষণার ভূমিকা এবং সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রগুলো তুলে ধরে একটি গুরুত্বপূর্ণ উপস্থাপনা তুলে ধরেন প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম। আলোচনায় ড. কুয়েসি ম্যাক্সিমিন কোজো জলবায়ু পরিবর্তনের বহুমাত্রিক প্রভাব এবং তা মোকাবিলায় আন্তর্জাতিক অভিজ্ঞতার আলোকে আটটি গুরুত্বপূর্ণ শিক্ষণীয় দিক তুলে ধরেন। তাঁর আলোচনায় জলবায়ু পরিবর্তনের বাস্তবতা অনুধাবন, প্রতিবেশব্যবস্থার সহনশীলতা, জলবায়ু অঙ্গীকারকে কার্যকর উদ্যোগে রূপান্তর, জলবায়ু সহনশীল সমাধান উদ্ভাবন এবং নীতিনির্ধারণী সিদ্ধান্তের সঙ্গে বাস্তব কর্মপরিকল্পনার সংযোগ স্থাপনের বিষয়গুলো বিশেষ গুরুত্ব পায়। অন্যদিকে, ড. ইন্দ্রান নাইডু আইওইর কার্যপরিধি, মূল্যায়নের বহুমাত্রিক পদ্ধতি এবং উন্নয়ন কার্যক্রমের ফলাফল মূল্যায়নের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি জলবায়ু ও কৃষি উন্নয়নসংক্রান্ত প্রকল্পের কার্যকারিতা, অর্জিত ফলাফল এবং ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নে স্বাধীন মূল্যায়নের গুরুত্ব ব্যাখ্যা করেন। সেমিনারে অনুষ্ঠিত উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে শিক্ষক, গবেষক ও পিএইচডি শিক্ষার্থীরা জলবায়ু পরিবর্তন, কৃষি গবেষণা, প্রকল্প মূল্যায়ন এবং আন্তর্জাতিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচকদের সঙ্গে মতবিনিময় করেন। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, “জলবায়ু পরিবর্তন এখন শুধু পরিবেশগত সংকট নয়, এটি কৃষি, খাদ্যনিরাপত্তা, জীবিকা ও মানবসভ্যতার জন্য এক বড় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজন বিজ্ঞানভিত্তিক গবেষণা, কার্যকর বিনিয়োগ এবং গবেষণালব্ধ জ্ঞানের বাস্তব প্রয়োগ। ইফাদের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের অভিজ্ঞতা ও সহযোগিতা গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণার পরিধি ও সক্ষমতাকে আরও সমৃদ্ধ করবে।” সেমিনারটি গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় ও ইফাদের মধ্যে গবেষণা, জ্ঞান বিনিময় এবং জলবায়ু সহনশীল কৃষি উন্নয়নে ভবিষ্যৎ সহযোগিতার নতুন সম্ভাবনা উন্মোচনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।