সাংবাদিক, ঠিকাদার, সম্পাদক
একাধিক পরিচয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর দাপিয়ে বেড়ান পরিচিত মিলন মাহমুদ।
এসব ক্ষমতার দাম্ভিকতা দেখিয়ে তার মালিকানাধীন মেসার্স এম এম এন্টারপ্রাইজে দরপত্রের যোগ্যতার শর্ত পূরণ না করেই এবং ভূয়া অভিজ্ঞতার সনদ দিয়ে বাগিয়ে নিয়েছে ৫.৩৪ কোটি টাকার সরকারি কাজ।
কক্সবাজারের পেকুয়ায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (ডিপিএইচই) প্রায় ৫ কোটি ৩৪ লাখ টাকার পানি সরবরাহ প্রকল্পে তার প্রতিষ্ঠানটি যৌথ উদ্যোগের অংশীদার। এর এই কাজ পাওয়ার ক্ষেত্রে যোগ্যতার শর্ত পূরণ হয়েছিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
জানা গেছে, সরবরাহ করা দরপত্রের TDS অনুযায়ী, সাধারণ নির্মাণ অভিজ্ঞতার শর্ত প্রত্যেক অংশীদারকে পৃথকভাবে পূরণ করতে হবে। ফলে প্রধান অংশীদারের অভিজ্ঞতা দিয়ে অন্য অংশীদারের অভিজ্ঞতার ঘাটতি পূরণের সুযোগ নেই।
দরপত্র নম্বর ১১৪১৮৪৮, প্যাকেজ PSWSC-5586-এর TDS-এর ১৫.১ ধারায় প্রধান ঠিকাদার, উপঠিকাদার অথবা ব্যবস্থাপনা ঠিকাদার হিসেবে ন্যূনতম পাঁচ বছরের সাধারণ নির্মাণ অভিজ্ঞতা চাওয়া হয়েছে। অভিজ্ঞতার সময় গণনার ভিত্তি পত্রিকায় দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ। যৌথ উদ্যোগের যোগ্যতাসংক্রান্ত ছকে ITT-15.1(a)-এর বিপরীতে উল্লেখ রয়েছে, সাধারণ অভিজ্ঞতার ক্ষেত্রে যোগফল প্রযোজ্য নয়। প্রধান অংশীদারকে TDS-এর শর্ত পূরণ করতে হবে এবং অন্য অংশীদারকেও একই শর্ত পূরণ করতে হবে। ১৯.২ ধারায় এসব যোগ্যতা পূরণে ব্যর্থ হলে যৌথ উদ্যোগের দরপত্র প্রত্যাখ্যানের কথা বলা হয়েছে।
অভিযোগকারী দাবি করেছেন, মেসার্স এম এম এন্টারপ্রাইজের প্রয়োজনীয় পাঁচ বছরের সাধারণ নির্মাণ অভিজ্ঞতা ছিল না।
সরবরাহকৃত চুক্তি-পুরস্কারসংক্রান্ত তথ্যে ঠিকাদারের নাম Messrs M M Enterprise JV”। চুক্তিমূল্য ৫ কোটি ৩৪ লাখ ৪৬ হাজার ৪১০ টাকা। এতে মেসার্স এম এম এন্টারপ্রাইজের অংশ ৪৯ শতাংশ এবং Monir Engineering And Construction Ltd.-এর অংশ ৫১ শতাংশ দেখানো হয়েছে।
মিলন মাহমুদের বিরুদ্ধে অভিযোগকারী আরও দাবি করেছেন, তিনি সাংবাদিক পরিচয় ব্যবহার করে ডিপিএইচইর কর্মকর্তাদের ওপর চাপ সৃষ্টি করেন এবং নেতিবাচক বা মিথ্যা সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে সুবিধা আদায়ের চেষ্টা করেন। কাজ অসমাপ্ত থাকা অবস্থায় বিল ছাড়ের জন্য চাপ দেওয়ার অভিযোগও তোলা হয়েছে।
অভিযোগ রয়েছে, তিনি চাঁদাবাজির টাকায় গাড়ি কিনেছেন এবং গাড়ির সামনে সাংবাদিক স্টিকার লাগিয়ে দাপিয়ে বেড়াচ্ছেন বিভিন্ন অফিস আদালত। গণমাধ্যমের প্রভাব খাটিয়ে তিনি প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলীকে ভয় দেখান বলেও অভিযোগ করা হয়েছে।
তিনি ১০০ কোটি টাকার বেশি মূল্যের কাজ পেয়েছেন এবং কাজ শেষ না করেই বিল আদায়ের জন্য চাপ দেন। অভিযোগগুলো দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে সাধারণ কর্মকর্তা ও ঠিকাদারেরা সীমাহীন ভোগান্তিতে পড়তে পারেন বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
আলোচ্য ৫ কোটি ৩৪ লাখ টাকার প্রকল্পে মেসার্স এম এম এন্টারপ্রাইজের পাঁচ বছরের সাধারণ নির্মাণ অভিজ্ঞতা কোন নথির ভিত্তিতে গ্রহণ করা হয়েছে, তা ডিপিএইচই কর্তৃপক্ষের স্পষ্ট করা প্রয়োজন।
মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে এসব অভিযোগের সুস্পষ্ট ব্যাখ্যা প্রত্যাশা করা হচ্ছে। কোনো কর্মকর্তা যদি কথিত সাংবাদিক পরিচয় ব্যবহার করে অন্যায় সুবিধা নেওয়ার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে প্রশ্রয় দিয়ে থাকেন, সে বিষয়েও তদন্ত হওয়া প্রয়োজন।







