বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের বিরুদ্ধে চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাসে সাড়ে ৩৫ লাখ টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে।
এ ঘটনায় প্রতিকার চেয়ে এবং টাকা উদ্ধারে মন্ত্রণালয়ের মন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা করে একটি আবেদনপত্র জমা দিয়েছেন মো. আবদুস সালাম নামের এক ভুক্তভোগী।
অভিযুক্ত কর্মচারীর নাম মো. মশিউর রহমান, যিনি বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসেবে কর্মরত আছেন।
আবেদনপত্রে উল্লেখ করা হয়, অভিযুক্ত মশিউর রহমান বিভিন্ন লোকজনকে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে ভুক্তভোগী মো. আবদুস সালামের কাছ থেকে সোনালী ব্যাংক রমনা কর্পোরেট শাখা, ঢাকার একটি সঞ্চয়ী হিসাবের (হিসাব নং- ৪৪২৬৩০০১০২৬৩৪৩) মাধ্যমে সর্বমোট ৩৫,১০,০০০ (পঁয়ত্রিশ লাখ দশ হাজার) টাকা গ্রহণ করেন। চুক্তি অনুযায়ী কাজ না হওয়ায় পাওনা টাকা আদায়ে আইনজীবীর মাধ্যমে তাকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়।
পরবর্তীতে গত ২১/১০/২০২৬ তারিখে জুলাইযোদ্ধা জাদুঘরে এক সালিশ বৈঠকে বিষয়টি আপোস-মীমাংসার মাধ্যমে নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়। সমঝোতা অনুযায়ী মশিউর রহমান মোট ২৯,০০,০০০ (ঊনত্রিশ লাখ) টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেন এবং ৪/৫ দিন সময় নেন। তবে চুক্তি অনুযায়ী কিছু টাকা ফেরত দিলেও বাকি টাকা তিনি এখনো পরিশোধ করেননি। বর্তমানে তিনি টাকা ফেরত না দিয়ে উল্টো বিভিন্ন মাধ্যমে পাওনাদারদের হুমকি-ধমকি প্রদান করছেন বলে অভিযোগে জানানো হয়েছে।
ভুক্তভোগী মো. আবদুস সালাম তার সর্বস্ব হারানো কষ্টার্জিত অর্থ উদ্ধারে এবং এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অভিযুক্ত কর্মচারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে মন্ত্রীর সুদৃঢ় দৃষ্টি আকর্ষণ করেছেন।







