, ,

স্বামী প্রবাসে,তিন সন্তান নিয়ে সংসার; ভাসুর-জায়ের বিরুদ্ধে মাজেদার চরিত্রহরন ও পরকীয়ার অপপ্রচারের অভিযোগ

নিউজটি শেয়ার করুন

মোঃ মোসলেম উদ্দিন সিরাজী
স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় পারিবারিক বিরোধের জেরে প্রবাসীর স্ত্রী মাজেদা খাতুনকে (২৭) পরকীয়ার অপবাদ দিয়ে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন ও চরিত্রহননের অভিযোগ উঠেছে তাঁর ভাসুর জাহাঙ্গীর আলম ও জা আকলিমার বিরুদ্ধে।

মাজেদা হাওড়া উত্তরপাড়া গ্রামের মৃত রওশন আলীর মেয়ে। তাঁর স্বামী আলমগীর জীবিকার তাগিদে গত চার বছর ধরে দুবাইয়ে অবস্থান করেছেন। তাঁদের সংসারে দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। স্বামী প্রবাসে থাকায় তিন সন্তানকে নিয়ে সংসারের দায়িত্ব পালন করেছেন তিনি। মাজেদার অভিযোগ,তাঁর ভাসুর জাহাঙ্গীর আলম বিভিন্ন সময়ে তাঁকে অনৈতিক প্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় জাহাঙ্গীর আলম ও তাঁর স্ত্রী আকলিমা তাঁকে হয়রানি এবং তাঁর চরিত্র নিয়ে এলাকায় অপপ্রচার চালান। এমনকি কথিত পরকীয়া প্রেমিকের সঙ্গে সম্পর্কের গল্প তৈরি করে তাঁর সামাজিক সম্মান নষ্টের চেষ্টা করা হচ্ছে। তবে এই সব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা,ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি মাজেদার। তিনি আরো অভিযোগ করেছেন,গত ২৫ অক্টোবর জাহাঙ্গীর আলম,তাঁর স্ত্রীসহ কয়েকজন তাঁকে মারধর করেছেন। এতে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে হয় তাঁকে। এ ছাড়া পারিবারিক বিরোধের জেরে নিজের মাকে অসুস্থ করে পরিস্থিতির সুযোগ নিয়ে প্রায় ৮০ শতক জমি আত্মসাতের অভিযোগও রয়েছে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে। মাজেদার দাবি,স্বামী বিদেশে থাকলেও তাঁর সঙ্গে নিয়মিত যোগাযোগ ও পরামর্শের ভিত্তিতেই তিনি সংসার পরিচালনা করেছেন। অথচ পারিবারিক বিরোধের জেরে তাঁর বিরুদ্ধে পরকীয়ার মিথ্যা অপবাদ দিয়ে চরিত্রহননের চেষ্টা করা হচ্ছে। একজন নারী হিসেবে শারীরিক নির্যাতনের পাশাপাশি এমন অপপ্রচার তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে। এর আগে এই ঘটনায় জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মারধর,অনৈতিক প্রস্তাব ও মানহানির অভিযোগ ওঠে। ভুক্তভোগী প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত,মিথ্যা অপপ্রচার বন্ধ এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। মাজেদার বক্তব্য,পারিবারিক বিরোধ থাকতে পারে,কিন্তু সেই বিরোধের জেরে একজন নারীর চরিত্র নিয়ে মিথ্যা অপবাদ দিয়ে তাঁর সামাজিক সম্মান নষ্ট করার অধিকার কারো নেই।