আবদুল হান্নান হীরা (চট্টগ্রাম): চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ সরকারি কলোনি উচ্চ বিদ্যালয় বালিকা শাখায় (১৩ নভেম্বর) রোজ শুক্রবার সৎসঙ্ঘ এসএসসি-৯৩-এর উদ্যোগে সকাল ৮ টা হতে দুপুর ২ টা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসাসেবা ও মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
আয়োজিত এ সেবামূলক কার্যক্রমের মধ্যে ছিল বিনামূল্যে চক্ষু শিবির, ছানি অপারেশনের জন্য বাছাই, ডায়াবেটিস পরীক্ষা, নাক-কান ফোঁড়ানো এবং শিশুদের সুন্নতে খতনা। সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়।
চক্ষু শিবিরে ছানিজনিত সমস্যায় আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা এবং ছানি অপারেশন সংক্রান্ত কার্যক্রম পরিচালিত হয়। পাশাপাশি নারী ও শিশুদের জন্য বিনামূল্যে নাক-কান ফোঁড়ানো এবং শিশুদের সুন্নতে খতনার ব্যবস্থা করা হয়।
সৎসঙ্ঘ এসএসসি-৯৩-এর এমন উদ্যোগে মানবিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা ও পারস্পরিক সহমর্মিতার এক অনন্য দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে। বর্তমান সময়ে চিকিৎসা সেবার ব্যয় যখন সাধারণ মানুষের জন্য অনেক ক্ষেত্রে কষ্ট সাধ্য হয়ে দাঁড়িয়েছে, তখন বিনামূল্যে এ ধরনের সেবামূলক আয়োজন অসহায় ও নিম্নআয়ের মানুষের জন্য বিশেষ সহায়ক ভূমিকা রাখছে।
সামাজিক সংগঠন হিসেবে শুধু বন্ধুত্ব ও সৌহার্দ্য রক্ষাই নয়, বরং মানুষের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার যে প্রত্যয় সৎসঙ্ঘ এসএসসি-৯৩ গ্রহণ করেছে, এ আয়োজন তারই প্রতিফলন।
মানবিক ও জনকল্যাণমূলক এ উদ্যোগের মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি অন্য সামাজিক সংগঠনগুলোকেও এ ধরনের সেবামূলক কর্মকাণ্ডে এগিয়ে আসার অনুপ্রেরণা জোগাবে বলে সচেতন মহল মনে করছেন।
মানুষের জন্য ভালোবাসা, মানুষের পাশে দাঁড়ানো—এমন মানবিক প্রত্যয় নিয়েই এগিয়ে যাক সৎসঙ্ঘ এসএসসি-৯৩।







