আসিফ আকবর সেতু,বিশেষ প্রতিনিধি খুলনা বিভাগ: যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের এক বিএনপি নেতার বাড়ি থেকে দুটি অবিস্ফোরিত ককটেলসদৃশ বস্তু ও হত্যার হুমকিসংবলিত একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) সকালে ছাতিয়ানতলা গ্রামের শিমুল হোসেনের বাড়ি থেকে এগুলো উদ্ধার করা হয়।
শিমুল হোসেন চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক। পাশাপাশি তিনি স্থানীয় ছাতিয়ানতলা চুড়ামনকাটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। এ ঘটনায় তিনি ও তার পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
শিমুল হোসেন জানান, শুক্রবার সকালে বাড়ির উঠানে লাল টেপে মোড়ানো জর্দার কৌটার মতো দুটি বস্তু দেখতে পান। সন্দেহ হওয়ায় তিনি পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে বস্তু দুটি উদ্ধার করে। সেগুলোর পাশ থেকে একটি চিরকুটও পাওয়া যায়। এতে হত্যার হুমকি ও আপত্তিকর ভাষায় বিভিন্ন কথা লেখা ছিল বলে জানান তিনি।
শিমুলের অভিযোগ, বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা তার বাড়িতে ককটেল নিক্ষেপ করে। তবে সেগুলো বিস্ফোরিত হয়নি। তার ধারণা, বাড়িতে বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক ছড়ানোই ছিল হামলাকারীদের উদ্দেশ্য।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্য, কোতোয়ালি থানা পুলিশ ও সাজিয়ালী পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় স্থানীয়দের সঙ্গে কথা বলে দুটি অবিস্ফোরিত বোমাসদৃশ বস্তু ও একটি চিরকুট উদ্ধার করা হয়। ঘটনার তদন্ত চলছে।
এদিকে খবর পেয়ে চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক আবু সাইদ ও সাধারণ সম্পাদক মাস্টার মিজানুর রহমানসহ স্থানীয় নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানান।
অন্যদিকে, বৃহস্পতিবার রাতেই যশোর শহরের আদালতপাড়াসহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রাত সাড়ে ৮টা থেকে ১০টার মধ্যে মুজিব সড়কে আদালত ভবনের সামনে দুটি ককটেল বিস্ফোরিত হয়। একই সময়ে বকুলতলা এলাকার জুলাই স্মৃতিস্তম্ভের সামনেও একটি বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ ছাড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বর এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়সংলগ্ন এলাকাতেও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মোটরসাইকেলে আসা কয়েকজন ব্যক্তি এসব বিস্ফোরক নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যান। বিস্ফোরণে বিকট শব্দ ও ধোঁয়ার সৃষ্টি হলেও হতাহতের ঘটনা ঘটেনি।
পুলিশের একটি সূত্র জানিয়েছে, এসব বিস্ফোরণের ঘটনায় প্রাথমিক সন্দেহের ভিত্তিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। ঘটনার পর শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি বিশেষ টহল জোরদার করা হয়েছে।







