, ,

টেক্সটাইল ইনোভেশন এক্সপো ২০২৬-এ অত্যাধুনিক অটোমেশন প্রযুক্তি নিয়ে হাজির টেকসেল বিডি লিমিটেড

নিউজটি শেয়ার করুন

রাজীব দে: রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট রোডে অবস্থিত  বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে (আইসিসিবি) অনুষ্ঠিত ‘টেক্সটাইল ইনোভেশন এক্সপো ২০২৬’-এ অত্যাধুনিক গার্মেন্টস অটোমেশন প্রযুক্তি উপস্থাপন করছে শীর্ষস্থানীয় মেশিনারি সরবরাহকারী প্রতিষ্ঠান টেকসেল বিডি লিমিটেড (Texcell BD Ltd.)।

শুক্রবার (১৩ নভেম্বর) মেলা প্রাঙ্গণে প্রতিষ্ঠানটির স্টলে গণমাধ্যমের সাথে আলাপকালে এসব তথ্য জানান টেকসেল বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বাপ্পি কুমার রায়।
আয়োজন প্রসঙ্গে বাপ্পি কুমার রায় বলেন, “টেক্সটাইল টুডে-র উদ্যোগে বাংলাদেশে প্রথমবারের মতো এ ধরনের ইনোভেশন এক্সপো আয়োজিত হচ্ছে। গার্মেন্টস মালিক, বায়ার এবং মেশিনারি ও সার্ভিস প্রোভাইডারদের একই ছাদের নিচে নিয়ে আসার এটি একটি দারুণ উদ্যোগ। স্বল্প পরিসরে শুরু হলেও আমরা দর্শনার্থী ও গ্রাহকদের কাছ থেকে বেশ ভালো সাড়া পাচ্ছি।”
এবারের মেলায় নিজেদের প্রদর্শনী সম্পর্কে তিনি জানান, তৈরি পোশাক খাতের নতুন ট্রেন্ড ও চাহিদার কথা মাথায় রেখে এবার তারা বিশেষ কিছু অটোমেশন প্রযুক্তি নিয়ে এসেছেন। এর মধ্যে রয়েছে আধুনিক বন্ডিং টেকনোলজি, অটোমেশন কাটিং এবং সুইং (সেলাই) অটোমেশন মেশিনারি।
দেশের তৈরি পোশাক খাতে টেকসেল বিডি লিমিটেডের অবস্থান তুলে ধরে এমডি জানান, বর্তমানে তারা বাংলাদেশের ১০০টিরও বেশি শীর্ষস্থানীয় গার্মেন্টস ও শিল্প প্রতিষ্ঠানের সাথে কাজ করছেন। এর মধ্যে হামিম গ্রুপ, নিউ এশিয়া গ্রুপ, মাসকো গ্রুপ, মণ্ডল গ্রুপ, রেনেসাঁ গ্রুপ, পলমল গ্রুপ এবং প্রাণ গ্রুপের মতো প্রতিষ্ঠান উল্লেখযোগ্য।

মেশিনারি আমদানির বিষয়ে বাপ্পি কুমার রায় বলেন, “এই অত্যাধুনিক মেশিনগুলো এখনো বাংলাদেশে তৈরি হয় না। দেশের ম্যানুফ্যাকচারিং খাত এখনো এই পর্যায়ে না পৌঁছানোয় প্রযুক্তি ও মেশিনারির জন্য আমাদের শতভাগ বিদেশের ওপর নির্ভর করতে হয়।”
উল্লেখ্য, তৈরি পোশাক ও বস্ত্র খাতের আধুনিকায়ন এবং নতুন প্রযুক্তির সাথে পরিচয় করিয়ে দিতে রাজধানীর আইসিসিবি-তে চলছে এই প্রদর্শনী।