, ,

দৈনিক স্বদেশ বিচিত্রার দশম প্রতিষ্ঠা বার্ষিকী ও একজন সৃজনশীল সম্পাদক।

নিউজটি শেয়ার করুন

সংবাদপত্র এমনই একটি মাধ্যম যেখানে প্রতিযোগিতা করেই টিকে থাকতে হয় এবং প্রতিপক্ষতাকে বর্জন করতে হয়। আমরা এমন একটি সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখতে চাই, যেখানে আমরা সমবেত কন্ঠে বলতে পারব বাংলাদেশের সংবাদ পত্র যথার্থ অর্থেই দেশের সর্বস্তরের মানুষের একটি নির্ভরযোগ্য আশ্রয় কেন্দ্রে পরিণত হয়েছে। বর্তমানে আমাদের দেশে অনেক উন্নত মানের সংবাদ পত্র প্রকাশিত হয়। পাশাপাশি সামাজিক যোগাযোগ ব্যবস্থা এখন অন্য যে কোন সময়ের চেয়ে বেশি শক্তিশালি, যে কারণে সংবাদ পত্রের সামনে এখন বড় চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে দৈনিক স্বদেশ বিচিত্রা অগনিত পাঠকের আস্থা অর্জন করে দশম বর্ষে পদার্পন করেছে, যা সত্যিই প্রশংসার দাবি রাখে। সংবাদ পত্র শুধুমাত্র সংবাদ পরিবেশন করবে এমনটি নয়, মানুষের চেতনার মান উন্নত করা নাগরিক দায়িত্ববোধ জাগ্রত করা, মানবিক মূল্যবোধ জাগ্রত করা, সামাজিক ন্যায় বিচার ও ইনসাফ ভিত্তিক সমাজ কায়েমে ভূমিকা রাখা ও সংবাদপত্রের দায়িত্ব। দশম বর্ষে পদার্পন করা এই দৈনিক স্বদেশ বিচিত্রার সাথে দীর্ঘদিন থেকে সম্পৃক্ত থেকে আমার কাছে প্রতীয়মান হয়েছে যে, এই পত্রিকা দেশ ও সমাজের মানুষের আশা আখাঙ্কার প্রতি সম্মান প্রদর্শন করেই সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সংবাদপত্রে যেমন সাংবাদিকতারও তেমন একটি আদর্শিক ভিত্তি রয়েছে। খ্যাতিমান অর্থনীতিবিদ অমর্ত্যসেন বলেছেন, যে গণতান্ত্রিক সমাজে স্বাধীন সংবাদপত্র রয়েছে সেখানে দুর্ভিক্ষেও মানুষ কম মারা যায়। তিনি উদাহরণ দিয়েছেন ভারত ও চীনের। ভারতে যখনই কোন খাদ্যের অভাব হয়েছে তখন তা নিয়ে লেখালেখি হওয়ার কারণে সরকার দ্রুততার সাথে ব্যবস্থা গ্রহণ করেছে। চীনের অনেক অঞ্চলে একসময় দুর্ভিক্ষে মানুষ মারা গেছে, স্বাধীন সংবাদপত্র না থাকার কারণে সেই মৃত্যুর খবর বাইরের মানুষ জানতে পারেনি, সরকারও ব্যবস্থা নিতে পারেনি।

জার্মানির দার্শনিক আর্থার শোপেনহাওয়ার বলেছেন সংবাদপত্র হলো বিশ^ ইতিহাসের অন্যতর হাত, সেকেন্ড হ্যান্ড অব ওয়ার্ল্ড হিস্ট্রি। অর্থাৎ একটি হাত দিয়ে যেমন একজন মানুষ অসম্পূর্ণ তেমনি পৃথিবীর পূর্নাঙ্গ ইতিহাস রচনার জন্য সংবাদপত্রের সাহায্য না নিলে তা হবে অসম্পূর্ণ। সংবাদপত্রের কাজ হলো জনকল্যাণে ভূমিকা রাখা, অপ্রিয় হলেও সত্য প্রকাশ করা। কোন বিষয়ে সমালোচনা হলেই জানা যায় কোথায় কি ভুল আছে। যুক্তরাষ্ট্রের সংবিধানে উল্লেখ করা হয়েছে সংবাদপত্রের স্বাধীনতা ক্ষুন্ন হয় এমন কোন আইন কংগ্রেস করতে পারবে না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থমাস জেপারসন বলেছিলেন-যদি আমাকে এই রকম পরিস্থিতিতে ফেলা হয় সংবাদপত্র ছাড়া সরকার আর সরকার ছাড়া সংবাদপত্র এ দুটোর যে কোন একটি বেছে নিতে হবে, আমি এক মূহুর্তও দেরি না করে দ্বিতীয়টি বেছে নেব। এই কথাটি আপাতদৃষ্টিতে বাস্তবসম্মত মনে না হলেও এর একটি বিরাট তাৎপর্য এবং নিগুঢ় অর্থ রয়েছে।

দৈনিক স্বদেশ বিচিত্রার সম্পাদক শুধুমাত্র সাংবাদিকতার সাথেই জড়িত নয়, তিনি একজন কবি, সংগঠক এবং সৃজনশীল ব্যক্তিত্ব। সততা, আদর্শ, নৈতিকতা ও মননশীলতায় দৈনিক স্বদেশ বিচিত্রাকে পাঠক সমাজের আস্থার সংবাদপত্র হিসেবে প্রতিষ্ঠিত করতে আন্তরিকভাবে সচেষ্ঠ রয়েছেন। মানুষ হিসেবেও তিনি একজন বিনয়ী মানুষ, বয়সে ছোট কিংবা বড় সকলের সাথেই তিনি সম্মান ও পরিশীলিত মনোভাব বজায় রেখে কথা বলেন, চমৎকার বক্তব্য রাখেন। সাংবাদিকতার ক্ষেত্রে তাকে একজন অত্যন্ত অসাধারণ মানুষ আমার কাছে মনে হয়। গণমাধ্যমের ইতিহাসে একটি দশকের পথচলা ছোট কোন বিষয় নয়। নানা ধরণের চ্যালেঞ্জর মুখোমুখি হয়ে এবং সততার কষ্টিপাথরে যাচাই হয়ে ১ নভেম্বর ২০২৬ দশম প্রতিষ্ঠা বার্ষিকীতে পদার্পন করেছে আমাদের প্রিয় দৈনিক স্বদেশ বিচিত্রা।

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, গণমানুষের অধিকারের কথা বলা এবং দেশের অগ্রযাত্রার দর্পন হিসাবে এই পত্রিকাটি আজ পাঠক হৃদয়ে আসন করে নিয়েছে। একটি পত্রিকার এই গৌরবময় এক দশক পূর্তির মাহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে যেমন মূল্যায়ন প্রয়োজন এর সাংবাদিকতার নীতিও সংবাদের পথচলার ঠিক তেমনি প্রয়োজন। যার সৃজনশীল নেতৃত্বে এই পথ মসৃন হয়েছে তিনি আমাদের শ্রদ্ধেয় সম্পাদক অশোক ধর।

একটি আদর্শ সংবাদপত্রের মূল দায়িত্ব হল ক্ষমতার মুখোমুখি দাঁড়িয়েও সত্য প্রকাশ করা। উপেক্ষিত মানুষের কন্ঠস্বর হওয়া এবং নিরেপক্ষ তথ্য পরিবেশন করা। তথ্যের সত্যতা যাচাই না করে কোনো সংবাদ প্রকাশ না করার কঠোর নীতি মেনে চলাই দৈনিক স্বদেশ বিচিত্রার মূল শক্তি। একজন সৃজনশীল সম্পাদক হিসেবে অশোক ধর সবসময় প্রথাগত সাংবাদিকতার বাইরে চিন্তা করেন। তিনি তার টিমদের শিখিয়েছেন সংবাদ শুধু ঘঠনার বিবরণ নয়, সংবাদের পেছনে থাকা প্রকৃত সত্য এবং তার সামাজিক প্রভাবকে খুঁজে বের করাই হলো প্রকৃত সাংবাদিকতা।

সমসাময়িক বিষয়ের ওপর সম্পাদকীয় লেখনির মাধ্যমে তিনি পত্রিকার গুনগত মানকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। দশম প্রতিষ্ঠাবার্ষিকীর এই আনন্দক্ষণে আমি পত্রিকার সকল পাঠক, রিপোর্টার, প্রতিবেদক, লেখক, বিজ্ঞাপনদাতা, উপদেষ্ঠাবৃন্দসহ দেশ বিদেশে কর্মরত আমাদের সাংবাদিক প্রতিনিধি ও কর্মীদের আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। দৈনিক স্বদেশ বিচিত্রার আগামীর পথচলা সুন্দর হোক সাফল্য মন্ডিত হোক। দীর্ঘজীবি হোক দৈনিক স্বদেশ বিচিত্রা।

ডঃ মোহাম্মদ আবু তাহের
সহযোগী সম্পাদক
“দৈনিক স্বদেশ বিচিত্রা”