, ,

পার্বতীপুরে মসজিদভিত্তিক গণশিক্ষায় ৩৮০ শিক্ষার্থীর

নিউজটি শেয়ার করুন

হাতে পবিত্র কোরআন তুলে দিয়ে সবক প্রদান
নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক গণশিক্ষা কার্যক্রম রাজস্ব খাতে অন্তর্ভুক্তির দাবি

দিনাজপুরের পার্বতীপুরে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় ৩৮০ শিক্ষার্থীর হাতে পবিত্র কোরআন শরিফ তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে সবক প্রদান করা হয়েছে। শিশুদের নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এ কার্যক্রমের ধারাবাহিকতা ও স্থায়িত্ব নিশ্চিত করতে দ্রুত রাজস্ব খাতে অন্তর্ভুক্তির দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সোমবার (৯ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ৯টায় উপজেলার ১০ নম্বর হরিরামপুর ইউনিয়নের বরকতিয়া খানকা জামে মসজিদের সহজ কোরআন শিক্ষা কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ৮ নম্বর হাবড়া, ৯ নম্বর হামিদপুর ও ১০ নম্বর হরিরামপুর—এই তিনটি ইউনিয়নের ১৯টি শিক্ষা কেন্দ্রে মোট ৬৬৫ জন শিক্ষার্থী রয়েছে। তাদের মধ্যে ৩৮০ জন শিক্ষার্থীর হাতে পবিত্র কোরআন শরিফ তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে সবক প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এফএস শামসুল আলম। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উত্তরা জামে মসজিদের কেন্দ্র শিক্ষক মাওলানা মো. সামিউল আলিম। এ সময় শিক্ষার্থী মোছাম্মৎ জান্নাতুল ফেরদৌস নাতে রাসুল পরিবেশন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফও মো. আকতারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাস্টার ট্রেইনার মুফতি মমতাজ উদ্দিন, এমসি মোহাম্মদ শারাফাত উল্লাহ, জিসি ডাক্তার হাফেজ মাওলানা মো. মশিউর ইসলাম ও জিসি মো. তোফাজ্জল হোসেন। এ সময় মাস্টার ট্রেইনার মুফতি মমতাজ উদ্দিন ৩৮০ জন শিক্ষার্থীর হাতে পবিত্র কালাম তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে ছবক প্রদান করেন।

এ সময় কেন্দ্রের শিক্ষক মাওলানা মো. ইফতেখার, মাওলানা মো. মোজাম্মেল হক, হাফেজ মাওলানা মমিনুল ইসলাম, হাফেজ মাওলানা মতিউর রহমান ও হাফেজ মাওলানা আব্দুল মুন্নাফসহ শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, কেন্দ্র পরিচালনা কমিটির সভাপতি এবং স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংশ্লিষ্ট ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত সাধারণ কেয়ারটেকার মাওলানা মো. আনিসুর রহমান।

সবক প্রদান শেষে বরকতিয়া খানকা শরিফের পীর মাওলানা মো. ইফতেখার দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে দেশ, জাতি, সমাজ ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করা হয়।

বক্তারা বলেন, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম শিশুদের পবিত্র কোরআন শিক্ষার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও ধর্মীয় মূল্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের শিশুদের ধর্মীয় শিক্ষার সুযোগ সৃষ্টির পাশাপাশি তাদের নৈতিক চরিত্র গঠনেও এ কার্যক্রমের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই শিশুদের নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে জনকল্যাণমূলক এ কার্যক্রমের ধারাবাহিকতা ও স্থায়িত্ব নিশ্চিত করতে দ্রুত রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করা প্রয়োজন।