, ,

খাগড়াছড়িতে জাতীয় সমবায় দিবস পালিত, শ্রেষ্ঠ ১০ সমবায়ীকে সম্মাননা প্রদান।

নিউজটি শেয়ার করুন

‘করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় খাগড়াছড়িতেও পালন করা হয়েছে ৫৫তম জাতীয় সমবায় দিবস।

দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, জাতীয় পতাকা উত্তোলন, বৃক্ষরোপণ, আলোচনা সভা ও জেলার শ্রেষ্ঠ সমবায়ীদের সম্মাননা আয়োজন করা হয়।
রোববার সকালে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শোভাযাত্রার শেষ হয়। এরপরে জাতীয় পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ করা হয়।
এরপর জেলা সমবায় কর্মকর্তা মুহাম্মদ মুজিব উর রহমান খাঁনের সভাপতিত্বে বিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা।
আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায় কেবল অর্থনৈতিক কার্যক্রম নয়, এটি সম্মিলিত উদ্যোগে স্বাবলম্বী হওয়ার একটি শক্তিশালী মাধ্যম। পারস্পরিক সহযোগিতা, আস্থা ও ঐক্যের ভিত্তিতে সমবায় আন্দোলনকে এগিয়ে নিতে হবে। সমবায়ের মাধ্যমে ক্ষুদ্র সঞ্চয়কে বড় পুঁজিতে রূপান্তর করে কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন ও স্থানীয় অর্থনীতির উন্নয়ন সম্ভব। তাই স্বচ্ছতা, জবাবদিহি ও সদস্যদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে সমবায় সমিতিগুলোকে আরও শক্তিশালী করতে হবে।
অনুষ্ঠানে জেলার সাতটি শ্রেষ্ঠ সমবায় সমিতি ও তিনজন শ্রেষ্ঠ সমবায়ী ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়।
এ সময় জেলা গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান ওয়েন চাকমাসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, সমবায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।