, ,

রায়পুর সাব-রেজিস্ট্রি অফিসে সেবাগ্রহীতাদের সুবিধার্থে টিনশেড নির্মাণ নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ

নিউজটি শেয়ার করুন

লক্ষ্মীপুরের রায়পুর সাব-রেজিস্ট্রি অফিসে আগত সেবাগ্রহীতাদের (বিশেষ করে নারী ও শিশুদের) বসার স্থান, শৌচাগার ও বিশ্রামাগার নির্মাণের মতো একটি জনকল্যাণমূলক উদ্যোগকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দলিল লেখক মাহবুবুর রহমান রুবেলের বিরুদ্ধে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।
​জানা গেছে, রায়পুর সাব-রেজিস্ট্রি অফিসে প্রতিদিন প্রায় ৭০০-৮০০ জন পুরুষ ও নারী সেবা নিতে আসেন। কিন্তু দীর্ঘদিন ধরে সেখানে পর্যাপ্ত বসার জায়গা, নারী সেবাগ্রহীতাদের জন্য ব্রেস্ট ফিটিং রুম, শৌচাগার ও নামাজের সুব্যবস্থা না থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। এই বাস্তবতায় রায়পুর দলিল লেখক ও ভেন্ডার কল্যাণ সমিতির পক্ষ থেকে নিজস্ব ব্যবস্থাপনায় সাব-রেজিস্ট্রি অফিসের খালি জায়গায় একটি সেমিপাকা অস্থায়ী টিনশেড, শৌচাগার ও ব্রেস্ট ফিটিং রুম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।
​উক্ত কাজের জন্য গত ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সমিতির পক্ষ থেকে জেলা রেজিস্টার মহোদয় বরাবর স্মারকপত্র দেওয়া হয় এবং সাব-রেজিস্ট্রার কার্যালয় থেকেও অনুমোদন ও সুপারিশ চেয়ে চিঠি পাঠানো হয়। পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভা প্রশাসক মহোদয়ের মৌখিক অনুমতি সাপেক্ষেই এই জনকল্যাণমূলক কাজের উদ্যোগ গ্রহণ করা হয় বলে সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে।
​অভিযোগের বিষয়ে প্রতিবাদ ও বক্তব্য:
সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নির্মাণকাজকে ঘিরে দলিল লেখক মাহবুবুর রহমান রুবেলের বিরুদ্ধে যে ভিত্তিহীন অপপ্রচার চালানো হচ্ছে, তার তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, “এখানে মূলত নারী সেবাগ্রহীতাদের বসার ও বিশ্রামের জন্য একটি ভালো উদ্যোগ নেওয়া হয়েছে। মহিলারা এখানে স্বস্তিতে রেস্ট নিতে পারেন—এমন একটি জনস্বার্থের কাজকে ভিন্নখাতে প্রবাহিত করতে একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছে। এই দখলের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, আমার কাছে সমস্ত বৈধ কাগজপত্র ও দাপ্তরিক প্রক্রিয়া অনুসরণের প্রমাণ রয়েছে।”
​সংশ্লিষ্ট সূত্রে আরও জানা যায়, জনস্বার্থে নেওয়া এই উদ্যোগের পেছনে কোনো ধরনের অবৈধ দখল বা অনিয়মের সুযোগ নেই। বরং সেবাগ্রহীতাদের দুর্ভোগ লাঘবেই দলিল লেখক ও ভেন্ডার কল্যাণ সমিতি এই মহৎ উদ্যোগ গ্রহণ করেছে। একটি কুচক্রী মহলের এমন অপপ্রচারের বিরুদ্ধে স্থানীয় সচেতন মহল তীব্র ক্ষোভ প্রকাশ করেছে এবং সত্যতা যাচাই না করে বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।