গাইবান্ধা সদর উপজেলার ৬ নম্বর রামচন্দ্রপুর ইউনিয়নে পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান (RRMEP) প্রকল্পের আওতায় ১০ জন নারী কর্মী নির্বাচন করা হয়েছে।
উন্মুক্ত লটারির মাধ্যমে স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় এ নির্বাচন সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন উপস্থিত আবেদনকারীরা।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আবেদনকারী নারীদের উপস্থিতিতে এ লটারি অনুষ্ঠিত হয়। ২৫ থেকে ৪৫ বছর বয়সী আগ্রহী নারী প্রার্থীদের মধ্য থেকে লটারির মাধ্যমে ১০ জনকে নির্বাচিত করা হয়। পাশাপাশি আরও ১০ জনকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে।
লটারি কার্যক্রমের উদ্বোধন করেন গাইবান্ধা সদর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী বাবলু মিয়া। এ সময় রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসাব্বীরসহ পরিষদের সব সদস্য উপস্থিত ছিলেন।
লটারি চলাকালে আবেদনকারীরা সরাসরি উপস্থিত থেকে পুরো নির্বাচন প্রক্রিয়া প্রত্যক্ষ করেন। উন্মুক্তভাবে লটারি সম্পন্ন হওয়ায় উপস্থিত কারও পক্ষ থেকে কোনো অভিযোগ ওঠেনি। বরং নির্বাচিত ও অনির্বাচিত আবেদনকারীদের মধ্যে সন্তোষজনক পরিবেশ দেখা যায়।
লটারিতে নির্বাচিত ১০ নারী হলেন, শান্তনা (১ নম্বর ওয়ার্ড), ছবেদা (৪ নম্বর ওয়ার্ড), রাহেলা (৫ নম্বর ওয়ার্ড), আনোয়ারা, মালাতি (৪ নম্বর ওয়ার্ড), শাহেরা (১ নম্বর ওয়ার্ড), রশিজা (১ নম্বর ওয়ার্ড), কমলা (৫ নম্বর ওয়ার্ড), লাভলী (৫ নম্বর ওয়ার্ড) ও মনোয়ারা (৫ নম্বর ওয়ার্ড)।
অন্যদিকে অপেক্ষমাণ তালিকায় রয়েছেন সুমি, ফলবি, আদরজা, আমেনা, নুরজাহান, রোকসানা, মনজিলা, কবিতা, ফারজানা ও রওশনআরা।
সংশ্লিষ্টরা জানান, এ প্রকল্পের মাধ্যমে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণের পাশাপাশি স্থানীয় নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এতে নারীদের আর্থিক স্বাবলম্বিতা অর্জনের পাশাপাশি গ্রামীণ অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।







