এশিয়ান জার্নালিস্ট হিউম্যান রাইটস কালচারাল ফাউন্ডেশন (এজাহিকাফ) প্রদত্ত এজাহিকাফ আইকনিক অ্যাওয়ার্ড ২০২৬ অর্জন করেছেন আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রতিনিধিত্বকারী মডেল সুমাইয়া হারুন।
মডেলিংয়ে বিশেষ অবদান ও সাফল্যের স্বীকৃতি হিসেবে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।
বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি তিন তারকা হোটেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে তার হাতে অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে কিংবদন্তি নজরুলসংগীতশিল্পী ফেরদৌস আরা তার হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হামিদা খানম।
উল্লেখ্য, জাতীয় পর্যায়ের মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা ‘মিস আর্থ বাংলাদেশ ২০২৫’-এর মুকুট অর্জন করেন সুমাইয়া হারুন। পরবর্তীতে তিনি আন্তর্জাতিক পরিসরে অনুষ্ঠিত মিস আর্থ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রশংসনীয় পারফরম্যান্স উপহার দেন।
২৫ বছর বয়সী সুমাইয়া হারুন একজন কানাডীয় বংশোদ্ভূত বাংলাদেশি মডেল ও এসডিজি উদ্যোক্তা। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে মাইক্রোবায়োলজিতে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি কানাডিয়ান ওভারসিজ বিজনেস ইনকর্পোরেটেডে বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ হিসেবে কর্মরত রয়েছেন। সেখানে তিনি প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তাদের নিয়ে একটি কার্যকর নেটওয়ার্ক গড়ে তুলতে সক্রিয়ভাবে কাজ করছেন।






