, ,

জাতীয় সমবায় দিবস পালিত, শ্রেষ্ঠ ৩ সমবায় সমিতি ও সমবায়ীকে সম্মাননা

নিউজটি শেয়ার করুন

নীলফামারীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। ‘করবো সমবায়, গড়বো দেশ সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।

পরে সেখানে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।
​শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. হুমায়ূন কবির। জেলা সমবায় কর্মকর্তা মো. মাসুদ রানার সভাপতিত্বে এবং এমএসডিএফ’র চেয়ারম্যান মারুফ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (নীলফামারী সার্কেল) ফারুক আহমেদ, মতিয়ার বিল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সদস্য মো. আমিরুল ইসলাম এবং সদর উপজেলা শিক্ষক কর্মকর্তা-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সভাপতি অধ্যাপক জগদীশ চন্দ্র রায়।
​প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে সমবায়ের কোনো বিকল্প নেই। তৃণমূলে সমবায় আন্দোলন জোরদার করা গেলে স্বচ্ছতা আসার পাশাপাশি মানুষের সক্ষমতাও বহুগুণ বৃদ্ধি পাবে। আলোচনা সভা শেষে সমবায়ের মাধ্যমে বিশেষ অবদান রাখায় জেলার শ্রেষ্ঠ তিন সমবায় সমিতি ও সমবায়ীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এর মধ্যে শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে ‘নীলফামারী সু-প্রতিবেশী মহিলা সমবায় সমিতি লিমিটেড’ ও ‘পরিবর্তন কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড’ এবং শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে নীলফামারী সু-প্রতিবেশী মহিলা সমবায় সমিতি লিমিটেডের মোছা. শারমীন আক্তারকে সম্মাননা দেওয়া হয়।
​এছাড়া উন্নত জাতের গাভী পালন প্রকল্পের আওতায় ‘চওড়া বড়গাছা নারী উন্নয়ন সমবায় সমিতি লি.’ এবং ‘লক্ষ্মীচাপ নারী উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড’-কে এক লাখ টাকা করে ঋণের চেক প্রদান করা হয়। পাশাপাশি ‘খোকশাবাড়ি পাট উৎপাদনকারী সমবায় সমিতি লি.’, ‘মতিয়ার বিল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লি.’ এবং ‘সোনারায় সুপ্রতিবেশী মহিলা সমবায় সমিতি লিমিটেড’-এর মাঝে বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয়। দিবসটি উপলক্ষে সদর উপজেলার ১০টি সমবায় সমিতি তাদের উৎপাদিত পণ্য নিয়ে স্টল স্থাপন করে, যা প্রধান অতিথি পরিদর্শন করেন।