যশোরের কেশবপুর উপজেলার মহাদেবপুর আর.বি.এস. মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন ১১ নম্বর হাসানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলমগীর হোসেন।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর তাঁর মনোনয়ন অনুমোদন করে ছয় মাসের জন্য অ্যাডহক কমিটি গঠন করেছে।
গত ২ নভেম্বর ২০২৬ তারিখে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর থেকে এ সংক্রান্ত অনুমোদনপত্র জারি করা হয়। বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মো. এনামুল কবীর চেয়ারম্যানের নির্দেশক্রমে স্বাক্ষরিত ওই পত্রে কমিটির সদস্যদের নাম ও দায়িত্ব উল্লেখ করা হয়েছে।
অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে মো. আলমগীর হোসেন, সাধারণ শিক্ষক সদস্য হিসেবে মো. জুলফিকার আলী, অভিভাবক সদস্য হিসেবে মো. মফিজুল ইসলাম এবং সদস্যসচিব হিসেবে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে রাখা হয়েছে।
বোর্ডের অনুমোদনপত্রে উল্লেখ করা হয়েছে, অ্যাডহক কমিটিকে অনুমোদনের তারিখ থেকে অনধিক ছয় মাসের মধ্যে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করে অনুমোদনের জন্য বোর্ডে দাখিল করতে হবে।
নতুন দায়িত্ব প্রসঙ্গে মো. আলমগীর হোসেন বলেন, “মহাদেবপুর আর.বি.এস. মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হিসেবে আমাকে দায়িত্ব দেওয়ায় সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি এ দায়িত্বকে সম্মান ও আমানত হিসেবে গ্রহণ করেছি। বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের সুশিক্ষা নিশ্চিত করা, শিক্ষার পরিবেশ উন্নত করা এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করতে চাই। শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবাসীকে সঙ্গে নিয়ে বিদ্যালয়টিকে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলাই হবে আমার লক্ষ্য। এ জন্য সবার সহযোগিতা কামনা করছি।”
উল্লেখ্য, মো. আলমগীর হোসেন ১১ নম্বর হাসানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর নতুন দায়িত্বে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করছেন স্থানীয়রা।







