দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি তৈরি পোশাকশিল্পকে ধ্বংস করতে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং ঢাকা জেলার আইনশৃঙ্খলা ও অন্যান্য উন্নয়ন কার্যক্রম তদারকির দায়িত্বপ্রাপ্ত সুলতান সালাউদ্দিন টুকু।
তিনি বলেছেন, গার্মেন্টস শিল্পের সঙ্গে লাখ লাখ মানুষের ভাগ্য ও জীবিকা জড়িত। শ্রমিকরা কখনোই নিজেদের কর্মসংস্থানের এই শিল্পের ক্ষতি করতে চান না। মজুরি বোর্ড গঠনের দিন থেকেই শ্রমিকরা কাজে ফিরেছেন। তাদের আন্দোলনকে বাধাগ্রস্ত করেছে ফ্যাসিস্ট ও দুষ্কৃতিকারীরা। শ্রমিকরাও বলেছেন, এটি এখন আর তাদের আন্দোলন নয়।
বুধবার (৪ নভেম্বর) বিকেলে সাভার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে বিশেষ আইনশৃঙ্খলাবিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দেশের মানুষের অর্থনীতির মূল চালিকাশক্তি এই গার্মেন্টস শিল্প। সরকার এই খাতকে এগিয়ে নিতে সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করছে। অথচ একটি গোষ্ঠী ও পার্শ্ববর্তী দেশ এই শিল্পকে টিকতে না দেওয়ার ষড়যন্ত্র করছে। যা ইতিমধ্যে শ্রমিক নেতারাও বক্তব্যে বলেছেন। এই শিল্পের সঙ্গে লাখ লাখ মানুষের ভাগ্য ও রুটি-রুজির বিষয় জড়িত। মানুষ কখনো নিজের জীবিকার ক্ষেত্র ধ্বংস করতে চায় না।
তিনি বলেন, ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন বেতন কাঠামো নির্ধারণ করবে মজুরি বোর্ড। আগামী জানুয়ারি থেকে শ্রমিকরা নতুন মজুরি পাবেন। এটাই ছিল শ্রমিকদের মূল দাবি। কাজেই আজকের পর থেকে আন্দোলন থাকার কথা নয়। এখন ষড়যন্ত্রকারীরা যাতে কোনো সুযোগ নিতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।







