উপমহাদেশের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক কুমার ঘটকের ১০১তম জন্মবর্ষ উপলক্ষে আগামী ৪ নভেম্বর ২০২৬ রাজশাহীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ আলোচনা ও স্মরণানুষ্ঠান।
এ আয়োজনে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেবেন বেঙ্গল ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক, চলচ্চিত্র নির্মাতা ও সাংস্কৃতিক সংগঠক জীবন শাহাদাৎ।
ঋত্বিক কুমার ঘটকের স্মৃতিবিজড়িত রাজশাহীর মিঞাপাড়ায়, পিএন স্কুলের পেছনে অবস্থিত তাঁর বসতভিটায় (বর্তমানে রাজশাহী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল) এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
প্রতিবারের মতো এবারও উৎসবটির আয়োজন করছে ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটি। অনুষ্ঠানের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন সংগঠনটির সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন মাসুদ এবং সদস্যসচিব হিসেবে রয়েছেন মো. আতিকুর রহমান।

আয়োজনে আরও উপস্থিত থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক ড. এস. এম. ফারুখ হোসাইন, নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শিখা সরকার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আমিরুজ্জামান, রাজশাহী কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. গোলাম কিবরিয়া, রাজশাহীর জেলা কালচারাল অফিসার ড. মো. ফারুকুর রহমান ফয়সল এবং চলচ্চিত্র নির্মাতা মুনতাসির আকিবসহ বিশিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানে আমন্ত্রণ পাওয়া প্রসঙ্গে জীবন শাহাদাৎ বলেন, “এই আয়োজনের অংশ হতে পেরে সম্মানিতবোধ করছি। কালজয়ী নির্মাতা ঋত্বিক ঘটকের চলচ্চিত্র কেবল সময়ের দলিল নয়, বরং সমাজ পরিবর্তন, প্রতিবাদ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার এক শক্তিশালী শিল্পমাধ্যম।”
উল্লেখ্য, ঋত্বিক কুমার ঘটক বাংলা চলচ্চিত্রের অন্যতম প্রভাবশালী নির্মাতা। দেশভাগ, উদ্বাস্তু মানুষের জীবনসংগ্রাম, সামাজিক বৈষম্য ও মানবিক সংকট তাঁর চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। তাঁর চলচ্চিত্র ও শিল্পভাবনা আজও চলচ্চিত্রপ্রেমী, গবেষক এবং নতুন প্রজন্মের নির্মাতাদের কাছে আলোচনার বিষয়। তাঁর ১০১তম জন্মবর্ষের এ আয়োজনের মধ্য দিয়ে তাঁর জীবন, কর্ম ও চলচ্চিত্র দর্শন নিয়ে নতুন করে আলোচনা ও স্মৃতিচারণের সুযোগ তৈরি হবে।







