আদালতের সার্বিক কার্যক্রম পর্যালোচনা, পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা
ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ আবু বকর সিদ্দীক জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতের বার্ষিক পরিদর্শন করেছেন।
বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে তিনি আদালতের সার্বিক কার্যক্রম, দাপ্তরিক পরিবেশ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন জামালপুরের পুলিশ সুপার জনাব মোছাঃ ফারহানা ইয়াসমিন।
পরিদর্শনকালে অতিরিক্ত ডিআইজি আদালতে কর্মরত অফিসার ও ফোর্সের সঙ্গে মতবিনিময় করেন এবং তাঁদের কর্মপরিবেশ ও দায়িত্ব পালনের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। তিনি বিচারিক আদালতের কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার পাশাপাশি দৈনন্দিন দায়িত্ব পালনে সকল পুলিশ সদস্যকে পেশাদারিত্ব, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
পরে তিনি সদর কোর্টের বিভিন্ন রেজিস্টারপত্র পর্যালোচনা করেন এবং দাপ্তরিক কার্যক্রমের মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন। এ ছাড়া আদালতের বিভিন্ন অফিস কক্ষ ও মালখানা পরিদর্শন করেন। মালখানায় সংরক্ষিত জব্দকৃত আলামত সরেজমিনে পর্যবেক্ষণ করে সেগুলো যথাযথ নিয়মে ও সতর্কতার সঙ্গে সংরক্ষণের নির্দেশনা দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোরশেদা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব ইয়াহিয়া আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ রাকিবুল ইসলাম, পুলিশ পরিদর্শক (নিঃ) ও কোর্ট ইন্সপেক্টর জনাব মোঃ আব্দুল হালিম, সদর কোর্টের পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব আবেদা খানসহ আদালতে কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা।
পরিদর্শনের মাধ্যমে আদালতের দাপ্তরিক কার্যক্রমের শৃঙ্খলা, পেশাদারিত্ব এবং জব্দকৃত আলামত সংরক্ষণ ব্যবস্থার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।







