বগুড়ায় টুলু মিয়া (৫০) নামের এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩১ অক্টোবর) সকালে বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের ক্ষুদ্র ফুলকোট গ্রামের নিজ বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। জানা যায়, টুলু মিয়ার স্ত্রী জীবিকার প্রয়োজনে দীর্ঘদিন ধরে বিদেশে অবস্থান করছেন। তাঁর দুই মেয়ে জেমি ও জুথি আক্তার বিবাহিত। এ কারণে তিনি বাড়িতে একাই থাকতেন। সম্প্রতি পেটের ব্যথাসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। বাবার অসুস্থতার খবর পেয়ে ছোট মেয়ে জুথি আক্তার তাঁর বাড়িতে এসে অবস্থান করছিলেন। শনিবার সকালে ঘরের ভেতরে বাবার গলাকাটা রক্তাক্ত মরদেহ দেখতে পান জুথি আক্তার। পরে বিষয়টি জানাজানি হলে আশপাশের লোকজন বাড়িতে ভিড় করেন এবং পুলিশকে খবর দেওয়া হয়। মৃতের ছোট মেয়ে জুথি আক্তার জানান, শারীরিক অসুস্থতার কারণে তাঁর বাবা নিজেই ধারালো বটি দিয়ে গলায় আঘাত করে থাকতে পারেন। তবে স্থানীয়দের মধ্যে এ মৃত্যুকে কেন্দ্র করে ভিন্ন ভিন্ন আলোচনা চলছে। কেউ কেউ অসুস্থতাজনিত কারণে আত্মহত্যার আশঙ্কা করছেন, আবার অন্য কোনো ঘটনার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ আশিক ইকবাল জানান, সংবাদ পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।







