জামায়াতে ইসলামীর নেতা মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার বৈঠকের অভিযোগ তদন্তে দলটির প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। এ বিষয়ে তথ্য-প্রমাণ দিতে তিনি নিজেও প্রস্তুত বলে জানিয়েছেন।
বুধবার (২৮ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে রাশেদ খাঁন বলেন, অভিযোগের সত্যতা যাচাইয়ে জামায়াতে ইসলামীর একটি তদন্ত কমিটি গঠন করা উচিত। তদন্ত কমিটি তথ্যের স্বার্থে তাঁর সঙ্গে বসলে তিনি প্রয়োজনীয় তথ্য সরবরাহ করতে রাজি আছেন। একইভাবে দলটির আমির ডা. শফিকুর রহমানসহ শীর্ষ নেতারা চাইলে তাঁদের কাছেও তথ্য-প্রমাণ দিতে প্রস্তুত তিনি।
রাশেদ খাঁনের দাবি, কথিত বৈঠকের তথ্য রাষ্ট্রীয় পর্যায়ে এবং সাংবাদিক মহলের অনেকেই জানেন। তাঁর বক্তব্য, কোনো রাজনৈতিক দলের নেতা আনুষ্ঠানিকভাবে কারও সঙ্গে বৈঠক করতেই পারেন। তবে বৈঠকের জন্য বারবার গাড়ি পরিবর্তন এবং বৈঠকসংক্রান্ত তথ্য গোপন করার বিষয়টি সন্দেহের সৃষ্টি করে।
তিনি বলেন, তাঁর বক্তব্যের মূল উদ্দেশ্য ছিল—কেন বৈঠকের তথ্য গোপন করা হচ্ছে, সেই প্রশ্ন তোলা। এ কারণেই তিনি বিষয়টি জনপরিসরে এনেছেন।
এতে জামায়াতের মানহানি হয়ে থাকলে দলটির মামলা করার সুযোগ রয়েছে বলেও মন্তব্য করেন রাশেদ খাঁন। তবে তাঁর অভিযোগ, মামলা না করে দলটির পক্ষ থেকে শুধু বক্তব্য ও গালমন্দ করা হচ্ছে।






