কুমিল্লা প্রতিনিধি: আবু হানিফ: কুমিল্লার দাউদকান্দিতে অভিযান চালিয়ে দেশীয় একনলা বন্দুক, এক রাউন্ড কার্তুজ, দুটি গ্রিল/রড কাটার ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান উদ্ধার করেছে পুলিশ। এ সময় মো. রুবেল (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর ২০২৬) রাত আনুমানিক ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার গৌরীপুর ইউনিয়নের স্বল্প পেন্নাই এলাকার ঈশাখাঁ পেট্রোল পাম্পের পেছনে নুরুল ইসলামের গোডাউনে অভিযান চালায়। এ সময় রুবেলের হেফাজত থেকে এসব অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক রুবেল কথিত ডাকাত সর্দার নূরনবী গ্রুপের সক্রিয় সদস্য। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি ও চুরিসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় তাঁর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।







