শারদীয় দুর্গোৎসব ২০২৬ আনন্দময় ও নিশ্ছিদ্র নিরাপত্তায় উদযাপনের সার্বিক প্রস্তুতি হিসেবে নওগাঁয় আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে এক বিশেষ ব্রিফিং সভা অনুষ্ঠিত হয়েছে। নওগাঁ জেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত এই মতবিনিময় সভায় সদর উপজেলার ১২৮টি পূজামণ্ডপের দায়িত্বে নিয়োজিত সেকশন কমান্ডার, সহকারী সেকশন কমান্ডার এবং আনসার ও ভিডিপির সদস্য-সদস্যারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন আনসার ও ভিডিপির উপপরিচালক ও জেলা কমান্ড্যান্ট জনাব মোঃ হুমায়ূন কবীর (পিভিএমএস), নওগাঁ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোঃ নূরুল আমিন এবং উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোস্তাকিমা।
সভায় মণ্ডপগুলোর সার্বিক সুরক্ষাব্যবস্থা জোরদার করা, দর্শনার্থীদের অবাধ ও নিরাপদ চলাচল নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সদস্যদের সদা সতর্ক থাকার আহ্বান জানানো হয়। বক্তারা নির্দেশ দেন, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা মোকাবিলায় পেশাদারিত্ব ও সততার সাথে অর্পিত দায়িত্ব পালন করতে হবে।
কর্মকর্তাদের এই দিকনির্দেশনা ও উৎসাহমূলক বক্তব্যে মাঠপর্যায়ে নিয়োজিত সদস্যদের মনোবল আরও সুদৃঢ় হয়েছে। আশা প্রকাশ করা হচ্ছে, আনসার ও ভিডিপি সদস্যদের নিরলস প্রহরায় নওগাঁ সদর উপজেলার প্রতিটি পূজামণ্ডপে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হবে।







