কুড়িগ্রামের নাগেশ্বরীতে সাংবাদিকদের ঐক্যবদ্ধতা, পেশাগত মান উন্নয়ন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা বিকাশের লক্ষ্য নিয়ে ‘নাগেশ্বরী অনলাইন প্রেসক্লাব’-এর পূর্ণাঙ্গ গঠনতন্ত্র আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে।
সংগঠনের গঠনতন্ত্র প্রণয়ন কমিটির সদস্য মো. জেলাল আহম্মদ রানা, মো. সাদিকুল ইসলাম এবং মো. মিরাজুল ইসলামের দীর্ঘ পর্যালোচনা শেষে এটি চূড়ান্ত ও প্রকাশ করা হয়।
প্রকাশিত গঠনতন্ত্র সূত্রে জানা যায়, ২০২৫ সালে মো. সাদিকুল ইসলামকে সভাপতি এবং মো. জেলাল আহম্মদ রানা-কে সাধারণ সম্পাদক করে ক্লাবের প্রথম কমিটি গঠিত হয় এবং যাত্রা শুরু করে। পরবর্তীতে ২০২৬ সালে প্রবীণ ও তরুণ সংবাদকর্মীদের সমন্বয়ে ক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়। অল্প সময়ের মধ্যেই ক্লাবটি স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের সুদৃঢ় মতামত প্রকাশের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা, সম্ভাবনা ও সমাধান নিয়ে সুধীজন ও প্রশাসনিক কর্মকর্তাদের অংশগ্রহণে নিয়মিত গোলটেবিল বৈঠক প্রথা চালু করে ক্লাবটি প্রশংসিত ভূমিকা রাখছে।
গঠনতন্ত্রের ধারা অনুযায়ী, উপজেলা সদরে মূল কার্যালয় রেখে পরিচালনা করা হবে এই প্রেসক্লাব। সাংবাদিকদের পেশাগত মর্যাদা প্রতিষ্ঠা, বস্তুনিষ্ঠ সাংবাদিকতাচর্চা, কল্যাণমূলক কর্মসূচি ও পারস্পরিক সহযোগিতাই হবে এর প্রধান উদ্দেশ্য।
সংগঠনে চার ধরনের সদস্যপদ রাখা হয়েছে—সাধারণ সদস্য, সহযোগী সদস্য, বিশেষ/সম্মানিত/দাতা সদস্য এবং আজীবন সদস্য। যেকোনো জাতীয়, আঞ্চলিক ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত পেশাদার প্রতিনিধিরা যাচাই-বাছাই কমিটির অনুমতিক্রমে সাধারণ সদস্য হতে পারবেন এবং সাধারণ সদস্যরাই হবেন ক্লাবের প্রধান ক্ষমতার উৎস।
ক্লাব পরিচালনার দায়িত্বে থাকবে ১১ সদস্যবিশিষ্ট একটি নির্বাহী কমিটি। যার মধ্যে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক, অর্থ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, দপ্তর সম্পাদক ও চারজন নির্বাহী সদস্য থাকবেন। গঠনতন্ত্রে সম্পূর্ণ প্যানেলবিহীন প্রত্যক্ষ ভোটে ৩ সদস্যের নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রাখা হয়েছে।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এই গঠনতন্ত্র অনুসরণের মাধ্যমে নাগেশ্বরী অনলাইন প্রেসক্লাব সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত মানোন্নয়ন এবং এলাকার সার্বিক উন্নয়নে একটি আদর্শ সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে ভূমিকা রাখবে।






