, ,

এলজিইডির গুরত্বপূর্ণ প্রকল্পে বদলে যাচ্ছে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা

নিউজটি শেয়ার করুন

ঢাকা বিভাগের ১৩ জেলায় ৯৭৭ কিলোমিটার সড়ক উন্নয়ন, ৩ হাজার ৫৩১ মিটার সেতু এখন দৃশ্যমান ঢাকা বিভাগের ১৩টি জেলার উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণের মাধ্যমে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন আনতে কাজ করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। “ঢাকা বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্প” বাস্তবায়নের ফলে প্রত্যন্ত এলাকার মানুষের চলাচল, কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য ও স্থানীয় অর্থনৈতিক কর্মকান্ডে ইতিবাচক প্রভাব পড়েছে। প্রকল্পটির আওতায় ঢাকা বিভাগের ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, নরসিংদী, শরীয়তপুর, মাদারীপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলার গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন করা হচ্ছে। প্রকল্পের সার্বিক বাস্তবায়নে দায়িত্ব পালন করছেন প্রকল্প পরিচালক মোঃ বাবুল আখতার। প্রকল্প সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, বর্তমানে প্রকল্পটির ভৌত অগ্রগতি ৮৪.৪০ শতাংশ এবং আর্থিক অগ্রগতি ৮০.০৩ শতাংশ। প্রকল্পের মাধ্যমে সড়ক প্রশস্তকরণ, শক্তিশালীকরণ, বিটুমিনাস কার্পেটিং, আরসিসি সড়ক নির্মাণ, সেুত ও কালভার্ট নির্মাণের কাজ বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পের আওতায় নারায়নগঞ্জ জেলার সদর, আড়াইহাজার, সোনারগাঁও ও বন্দর উপজেলায় বিভিন্ন সড়ক উন্নয়নকাজ বাস্তবায়িত ও চলমান রয়েছে। জেলার সড়ক যোগাযোগ উন্নয়নে মাঠ পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন নারায়ণগঞ্জ জেলার এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান। প্রকল্পের দ্বিতীয় সংশোধিত পরিকল্পনা অনুযায়ী নারায়ণগঞ্জ জেলায় ৩২.২১৮ কিলোমিটার বিটুমিনাস কার্পেটিং সড়ক এবং ৫.৪১২ কিলোমিটার আরসিসি সড়ক নির্মাণ বা উন্নয়ন করা হচ্ছে। একই সঙ্গে ১৫১মিটার সেতু এবং ২৩২৪.০০ মিটার ড্রেণ নির্মাণের কাজ প্রকল্পের আওতায় রয়েছে। সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, নারায়ণগঞ্জ জেলায় প্রকল্পের বাস্তব অগ্রগতি প্রায় ৮৭ শতাংশ। নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমানের তত্বাবধানে প্রকল্পের আওতাধীন সড়ক ও অবকাঠামো উন্নয়নকাজ এগিয়ে চলছে। স্থানীয় পর্যায়ে সড়কের গুনগতমান, কাজের অগ্রগতি এবং জনগণের প্রয়োজন অনুযায়ী উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে মাঠপর্যায়ে প্রকৌশলীদের ভূমিকা গুরত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এলজিইডি’র সড়ক উন্নয়ন কার্যক্রমের ফলে নারায়ণগঞ্জ প্রত্যন্ত অঞ্চলের মানুষের চরাচলের পরিবর্তন এসেছে। একসময় যেসব এলাকায় বর্ষাকালে নৌকা এবং শুকনো মৌসুমে জমির আইল দিয়ে চলাচল করতো, সেখানে এখন পাকা সড়ক নির্মাণের ফলে বাস, সিএনজি ও অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন চলাচল করছে। নারায়নগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার উচিৎপুরা ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামের বাসিন্দা কৃষক মোঃ নজরুল মিয়া বলেন, “এমন এক সময় ছিল, যখন মানুষের চলাচলের কোন রাস্তা ছিল না। শুকনো মৌসুমে জমির আইল দিয়ে এবং বর্ষাকালে নৌকায় চলাচল করতে হতো। এখন এলজিইডি’র উদ্যোগে ঘর থেকে বের হলেই পাকা রাস্তা পাওয়া যায়। বাস, সিএনজি ও অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনে চলাচলের সুযোগ তৈরি হয়েছে”। ঢাকা বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্পটি গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থার একটি বড় অবকাঠামোগত উদ্যোগ। প্রকল্প পরিচালক মোঃ বাবুল আখতারের নেতৃত্বে সার্বিক প্রকল্প ব্যবস্থাপনায় ঢাকা বিভাগের ১৩টি জেলায় উন্নয়ন কাজ এগিয়ে চলছে। সড়ক ও সেতু নির্মাণের পাশাপাশি এসব অবকাঠামো স্থানীয় মানুষের অর্থনৈতিক কর্মকান্ড, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সামাজিক যোগাযোগ বৃদ্ধিতে ভূমিকা রাখছে। প্রকল্পের অবশিষ্ট কাজ নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হলে ঢাকা বিভাগের বিভিন্ন জেলার গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা আরও শক্তিশালী হবে বলে সংশ্লিষ্ট’রা আশাবাদী।